কলকাতা টাইমস নিউজ :নিজস্ব প্রতিনিধি :
সম্প্রতি প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে ঝাড়খণ্ডে একাধিক মানুষের মৃত্যু হওয়ার পর রাজ্যের আবহাওয়া দফতর ফের সতর্কতা জারি করেছে। আগামী ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত রাঁচি সহ রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে ‘হলুদ সর্তকতা’ (Yellow Alert)।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে রাঁচি, হাজারিবাগ, রামগড়, খুঁটি, লোহারদাগা, গুমলা, সারাইকেলা-খারসাওয়ান, পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম ও সিমডেগা জেলাগুলিতে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও প্রবল।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৩ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঢ়ওয়া, পালামু, লাতে হার, চতরা, দেবঘর, জামতাড়া, দুমকা, পাকুড়, গোদ্ডা এবং সাহেবগঞ্জ জেলাগুলিতে। বজ্রঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে এইসব জেলায়। স্থানীয় মানুষদের সাবধান ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু কিছু স্থানে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকটা বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানানো হয়েছে।
জনসাধারণকে যেসব পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর:
-
বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন খোলা জায়গায় অবস্থান না করা।
-
যন্ত্রচালিত যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা।
-
গাছের নিচে বা খোলা মাঠে দাঁড়ানো থেকে বিরত থাকা।
-
সরকারি নির্দেশ ও আবহাওয়া সংক্রান্ত হালনাগাদ বার্তা নিয়মিতভাবে নজরে রাখা।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির মাঝে বজ্রাঘাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ১২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই দৃষ্টান্ত মাথায় রেখেই এবারের সর্তকতা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
জেলা প্রশাসনগুলোকেও আবহাওয়ার সতর্কতার নিরিখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা বা জলমগ্ন পরিস্থিতি এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে।




