spot_img
25 C
Kolkata
Sunday, December 7, 2025
spot_img

পুরুলিয়ায় ভয়াবহ পণ্যবাহী ট্রেন দুর্ঘটনা, বিপর্যস্ত একাধিক রুটের পরিষেবা !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা  : পুরুলিয়া

 ভোরবেলা পুরুলিয়া স্টেশনের অদূরে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা, যার জেরে অচল হয়ে পড়ল একাধিক রেলপথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ পিতাকি গেটের কাছে, পুরুলিয়া স্টেশন থেকে মাত্র ২০০ মিটার দূরে, ডাউন লাইনে পুরুলিয়াগামী একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে আপ লাইনে আছড়ে পড়ে।

এমন সময় আপ লাইনে আসছিল অপর একটি পণ্যবাহী ট্রেন। লাইনচ্যুত বগির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে মোট ২১টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়, যার মধ্যে দুটি রাস্তার ধারে গিয়ে উলটে পড়ে। সংঘর্ষের প্রভাবে প্রায় ২০০ মিটার রেললাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের চাঁদিল রেলওয়ে স্টেশনের কাছাকাছি, খুঁটি নম্বর ৩৭৫/২২-এর কাছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রযুক্তিগত ত্রুটি এবং সিগন্যাল বিভ্রাট মিলিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। রেল প্রশাসনের লক্ষ্য, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করা। তবে দুর্ঘটনার অভিঘাতে কিছু বগির চাকা ঘটনাস্থল থেকে দূরে ছিটকে গিয়েছে, যা উদ্ধার ও সরানোর কাজ চলছে।

দুর্ঘটনার ফলে চাঁদিল–টাটানগর, চাঁদিল–মুরি এবং চাঁদিল–পুরুলিয়া–বোকারো রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন স্টেশনে বহু যাত্রী আটকে পড়েছেন। বেশ কয়েকটি ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রীদের জন্য বিকল্প যাতায়াতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টাটানগর রেলস্টেশন থেকে একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে টাটা–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, টাটা–বক্সার সুপারফাস্ট এক্সপ্রেস এবং টাটা–ধনবাদ স্বর্ণরেখা এক্সপ্রেস। পাশাপাশি, পুরুষোত্তম এক্সপ্রেস এবং আনন্দ বিহার এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks