spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

আজকের রাজ্য-দেশ-খেলার গুরুত্বপূর্ণ খবরে  এক নজর !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক : 

আজকের রাজ্য-দেশ-খেলার গুরুত্বপূর্ণ খবরে  এক নজর

ওবিসি ও SIR মামলায় সুপ্রিম কোর্টে শুনানি
রাজ্যের নিয়োগ ও পরীক্ষার ফল প্রকাশে চলমান অনিশ্চয়তার প্রেক্ষিতে আজ, বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। কলকাতা হাই কোর্টের রায়ের জেরে জয়েন্ট এন্ট্রান্স-সহ একাধিক পরীক্ষার ফল আটকে রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও জটিলতায় পড়েছে। হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছে। আজ সেই মামলার শুনানিতে নজর গোটা রাজ্যের।

SIR সংক্রান্ত মামলার অগ্রগতি
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। ‘ইন্ডিয়া’ জোটের একাধিক দল SIR-এর তীব্র বিরোধিতা করেছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজই। আদালতের নির্দেশ গোটা দেশজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা
১৪ আগস্ট রাজ্যজুড়ে পালিত হয় ‘কন্যাশ্রী দিবস’। আজ দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ বছরের কেন্দ্রীয় অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। বিশেষ বার্তার পাশাপাশি তিনি মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়ন সংক্রান্ত নতুন প্রকল্পের ইঙ্গিত দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা।

পথকুকুর মামলা নতুন বেঞ্চে স্থানান্তর
পথকুকুরদের আচরণ ও জননিরাপত্তা নিয়ে চলমান মামলাটি সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ থেকে সরিয়ে এখন এই মামলাটি শুনবেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি অঞ্জরিয়া। আজ এই মামলার শুনানি নির্ধারিত।

আন্তর্জাতিক দৃষ্টি: রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন-রুশ বৈঠক
শুক্রবার আলাস্কায় মুখোমুখি হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মূল বিষয় রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি। এর আগের দিন, অর্থাৎ আজ, মস্কো বা কিয়েভের তরফে কোনও প্রাথমিক বার্তা আসে কি না, সেদিকে নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

কলকাতা লিগে আজকের ম্যাচ সূচি
আজ কলকাতা ফুটবল লিগে মাঠে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব, প্রতিপক্ষ শ্রীভূমি এফসি। গত ম্যাচে সাদার্ন সমিতিকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে সাদা-কালো ব্রিগেড, এবার জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভবানীপুর ক্লাব ও ইউনাইটেড কলকাতা এসসি। আরেকটি ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব খেলবে সাদার্ন সমিতির বিরুদ্ধে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ৩টায়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks