spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

পুজোয় আসছে ‘রক্তবীজ টু’: মুনিরের ফিরে আসা, এপার-ওপার বাংলার রহস্য-রোমাঞ্চের নতুন অধ্যায় !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ১৪ আগস্ট :

বিস্তারিত ফাল্গুনী রয়চৌধুরীর কলমে  : 

মুনির আলম এখনও বেঁচে আছে। তাই আবারও শুরু হতে চলেছে রক্তগাথা — ‘রক্তবীজ টু’। পুজোর ঠিক আগে বড়পর্দায় রহস্য, রোমাঞ্চ ও অ্যাকশনের মোড়কে দর্শকদের জন্য উপহার আনতে চলেছেন পরিচালক-যুগল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল ছবির টিজার, যা চমকে দিল সিনেমাপ্রেমীদের।

প্রথম কিস্তিতে রহস্যে ঘেরা যে চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল, সেই মুনির আলম এবার ফিরছেন একেবারে নতুন অবতারে। এবার মুনিরের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকে—যাকে খুঁজে ফিরছে পুলিশ বাহিনী। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, যিনি অভিনয় করছেন কড়া মেজাজের পুলিশ অফিসার পঙ্কজ সিংয়ের চরিত্রে।

অন্যদিকে টিজারের বড় সারপ্রাইজ মিমি চক্রবর্তী। এবার তিনি এক জাদরেল মহিলা পুলিশ অফিসারের চরিত্রে। চরিত্রটির জন্য মিমি কঠোর অনুশীলন ও শারীরিক প্রস্তুতি নিয়েছেন, জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

একইসাথে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (আবারও অনিমেষ চট্টোপাধ্যায়ের চরিত্রে), অনুসূয়া মজুমদার, সীমা বিশ্বাস ও কাঞ্চন মল্লিক। সব মিলিয়ে অভিনয়শিল্পীদের এক শক্তিশালী মিশ্রণ দর্শকদের সামনে আনতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন।

উল্লেখ গল্পের প্রেক্ষাপটে যখন এপার-ওপার বাংলার মিলন, তখন ইলিশ মাছের প্রসঙ্গ বাদ যায় না। গায়ক সুরজিতের কণ্ঠে ছবির গানেও সেই উল্লেখ, যেখানে সঙ্গত করেছেন ইমন চক্রবর্তী। টিমের আশা, এই গান পুজোর প্যান্ডেলগুলোতে বাজবে এবং শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

রহস্য, রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারে ভরা ‘রক্তবীজ টু’ মুক্তি পাবে ২৬শে সেপ্টেম্বর, দুর্গাপুজোর ঠিক আগে। প্রযোজনা সংস্থার আগের হিট ছবিগুলির মতোই কি এবারও বাণিজ্যিক সাফল্যের মুখ দেখবে এই ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়? দর্শক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks