spot_img
19 C
Kolkata
Wednesday, January 14, 2026
spot_img

বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ, এক নাবালকের মৃত্যু, আহত বহু !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরু,১৬ আগস্ট :

স্বাধীনতা দিবসের সকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বেঙ্গালুরু। শহরের ঘনবসতিপূর্ণ উইলসন গার্ডেন এলাকার চিন্নায়ানপাল্যরে বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে একাধিক বাড়ি। ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ১০ বছরের এক নাবালক। আহত হয়েছেন অন্তত ৯ জন। হঠাৎ এই বিস্ফোরণকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে শহরজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ হঠাৎ করেই ওই এলাকায় তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ৭-৮টি বাড়ি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গিয়েছে। আশপাশের আরও অন্তত ৮টি বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা। তবে অন্য কোনও কারণ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণে মৃত হয়েছে মোবারক নামের এক নাবালক। আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে শহরের পাঁচটি ভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় যে বাড়িতে দুর্ঘটনা ঘটে, সেখানে এক পরিবারের তিন সদস্য থাকতেন। পরিবারের কর্তা কাজে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। তাঁদের পাশের বাড়ির ছোট্ট ছেলেটি প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি, আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত ঘরগুলি আবার তৈরি করে দেওয়ার নির্দেশও দেন তিনি।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকেই দায়ী করা হলেও, অন্য কোনও দিকও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ডেপুটি কমিশনার সারা ফাতিমা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় লাগোয়া বাড়িগুলির অবস্থানের কারণেই একসঙ্গে এতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় চলে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনায় গাফিলতি রয়েছে। সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। যদিও পুলিশ ও প্রশাসন জানিয়েছেন, যথাযথ তদন্তের পরই প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks