কলকাতা টাইমস নিউজ : কলকাতা, ১৯ অগস্ট:
প্রকৃতি রক্ষা মানেই মানব সভ্যতার রক্ষা। অথচ আধুনিকতার দৌড়ে সেই প্রকৃতিই আজ সবচেয়ে বেশি বিপন্ন। বনভূমি প্রতিদিন কৃষিজমি বা বসতি গড়ে তোলার জন্য ধ্বংস হচ্ছে, খাদ্যের লোভে বা ব্যবসায়িক স্বার্থে নির্বিচারে শিকার হচ্ছে বন্যপ্রাণী। পরিবেশবিদদের হিসাবে, বর্তমানে প্রায় ৩০০ প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হলো “Wild By Nature”।
সোমবার কলকাতার এক অভিজাত ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তাদের নতুন Wildlife সংক্রান্ত পোর্টাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, বন্যপ্রাণী গবেষক ও পরিবেশপ্রেমী সাধারণ মানুষ।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও La Martiniere for Boys-এর প্রাক্তন ছাত্র প্রদ্যুমনা লোহিয়া বলেন, “এই উদ্যোগ বাংলায় এবং ভারতের ক্ষেত্রে প্রথম। আমাদের লক্ষ্য, সাধারণ মানুষকে বন্যপ্রাণী সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন করা।”
Wild By Nature মূলত একদল বন্যপ্রাণী আলোকচিত্রী এবং পরিবেশপ্রেমীর সংগঠন। তাঁরা মনে করেন, কেবলমাত্র তথ্য বা ছবি নয়, সচেতনতার বাস্তব প্রয়োগ জরুরি। তাই পোর্টালের মাধ্যমে এক জায়গায় পাওয়া যাবে বনভূমি, বন্যপ্রাণীর পরিচিতি, সংরক্ষণ পদ্ধতি, আইন ও নীতি সংক্রান্ত তথ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার কয়েকটি নামী স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। উদ্যোক্তাদের মতে, আগামী প্রজন্মকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করাই তাঁদের সবচেয়ে বড় লক্ষ্য। কারণ, যদি আজকের প্রজন্ম প্রকৃতি বাঁচানোর শপথ নেয়, তবেই ভবিষ্যৎ পৃথিবী টিকে থাকবে।
বন্যপ্রাণী ধ্বংসের ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে বক্তারা বলেন, “প্রকৃতি ধ্বংস মানেই মানুষের অস্তিত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। বন্যপ্রাণী সংরক্ষণ শুধু পরিবেশপ্রেমীদের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের কর্তব্য।”
উদ্যোগটির উদ্যোক্তারা আশাবাদী, এই পোর্টাল হবে পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক তথ্যের এক বিশ্বস্ত ভাণ্ডার। একইসঙ্গে তারা সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন—“বন্যপ্রাণী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও।”
সচেতনতার এই প্রয়াস যদি মানুষের কাছে পৌঁছায়, তবে ধ্বংস নয়, রক্ষা হবে প্রকৃতি ও প্রাণজগতের।




