spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

হাওড়ায় নয়া নিয়ম: পোষ্য রাখতে বাধ্যতামূলক আধার ও লাইসেন্স

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা, ১৯ অগস্ট:

হাওড়ায় নয়া নিয়ম: পোষ্য রাখতে বাধ্যতামূলক আধার ও লাইসেন্স

সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে হাওড়া পুরসভার উদ্যোগ

এবার কলকাতার ধাঁচেই পোষ্য রাখার ক্ষেত্রে কড়া নিয়ম আনল হাওড়া পুরসভা। আগামী সেপ্টেম্বর মাস থেকে হাওড়া শহরে পোষ্য রাখতে হলে মালিককে পুরসভার লাইসেন্স নিতে হবে। আর সেই লাইসেন্স পেতে বাধ্যতামূলক হবে আধার কার্ড ও সারমেয়র ভ্যাকসিনেশন সার্টিফিকেট জমা দেওয়া।

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সোমবার জানান, পোষ্যর মালিকদের অনলাইনে আবেদন করতে হবে লাইসেন্সের জন্য। আধার কার্ড ও ভ্যাকসিনেশনের প্রমাণপত্র জমা দেওয়ার পর অনুমোদন মিলবে লাইসেন্স। প্রতি বছর ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে নবীকরণও করা যাবে। তিনি আরও জানান, ‘‘প্রথমে বিদেশি কুকুরদের জন্যই এই নিয়ম কার্যকর হবে। তবে ভবিষ্যতে বিদেশি প্রজাতির পাখি পোষার ক্ষেত্রেও একই নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে।’’

পুরসভা সূত্রে খবর, পোষ্য নিয়ে নথি ও তথ্য সঠিকভাবে সংরক্ষণ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। পোষ্যর পরিচয়, স্বাস্থ্য এবং মালিকের তথ্য পুরসভার কাছে থাকলে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে। একই সঙ্গে রাস্তার কুকুর ও বিদেশি প্রজাতির পোষ্যদের সংক্রান্ত বিবাদ এড়াতেও এই নিয়ম কার্যকর হতে পারে।

অন্যদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে পশুপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, পোষ্যদের সুরক্ষার স্বার্থে নিয়মটি জরুরি। তবে কিছু পশুপ্রেমীর মতে, শুধু বিদেশি কুকুরের ক্ষেত্রে নয়, সমস্ত কুকুর ও বিড়ালের ক্ষেত্রেই এই নিয়ম চালু হওয়া উচিত। আবার কারও বক্তব্য, সাধারণ মানুষের আর্থিক বোঝা বাড়বে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকাগুলিকে পথকুকুর মুক্ত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ ঘিরে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশুপ্রেমীরা সরব হয়েছেন, আর সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েছে দিল্লির একাধিক পুরসভা। এই পরিস্থিতিতে হাওড়া পুরসভার সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বলে মনে করছেন।

হাওড়া পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘সাধারণ মানুষকে নিয়মের বিষয়ে অবগত করাতে নিয়মিত প্রচার চালানো হবে। আমরা চাই, পোষ্যর মালিকরা যাতে দায়িত্বশীল হন এবং পশুদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরসভার কাছে সঠিকভাবে নথিভুক্ত থাকে।’’

একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ের জেরে দেশজুড়ে পোষ্য ও পথকুকুর সংক্রান্ত আইনি লড়াই তুঙ্গে, তেমনই অন্যদিকে হাওড়া পুরসভার এই উদ্যোগ শহুরে পোষ্য সংস্কৃতিতে নতুন দিক খুলে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks