spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তা: হাই কোর্টে ২ সেপ্টেম্বর শুনানি, সুপ্রিম কোর্টেও মামলার অপেক্ষা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ২১  অগস্ট:

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল নিয়ে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত নতুন কোনও নির্দেশ দেওয়া হবে না। কারণ, এই বিষয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বোর্ড সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। ফলে ডিভিশন বেঞ্চ থেকে নতুন হস্তক্ষেপ করার জায়গা নেই বলেই মত প্রকাশ করেন বিচারপতি পাল। আগামী ২ সেপ্টেম্বর মামলাটির শুনানি ফের হবে ডিভিশন বেঞ্চে।

ডিভিশন বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষের আইনজীবী জানান, বোর্ড সম্পূর্ণ প্রস্তুত ফলাফল প্রকাশের জন্য। কিন্তু চলমান মামলার কারণে তা করা সম্ভব হচ্ছে না। এদিকে মামলাকারীর আইনজীবীরা যুক্তি দেন, মামলার টানাপোড়েনে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে। তাই আদালতের হস্তক্ষেপ জরুরি। তবে বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে নির্দেশ দিয়েছিল। তার বাইরে গিয়ে নতুন নির্দেশ দেওয়ার কোনও সুযোগ নেই।

গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি তোলেন। তাঁর নির্দেশ ছিল—

  • ২০১০ সালের আগে পাওয়া শংসাপত্রগুলিকে মান্যতা দিতে হবে।

  • সংরক্ষণের ক্ষেত্রে ৭ শতাংশের সীমা মাথায় রেখে নতুন তালিকা তৈরি করতে হবে।

  • ডিভিশন বেঞ্চের আগের রায় অনুযায়ী ওবিসি তালিকাকে পুনর্মূল্যায়ন করতে হবে।

এই নির্দেশের পরেই রাজ্য সরকার এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আগামী সপ্তাহেই সেই মামলার শুনানি হওয়ার কথা।

ফল প্রকাশ না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা চরমে উঠেছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির প্রক্রিয়া আটকে আছে। ভর্তির সময়সীমা ক্রমশ কমে আসছে বলে অভিভাবক এবং পড়ুয়ারা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকের মতে, আদালতের টানাপোড়েনে মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২ সেপ্টেম্বর ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তার আগে সুপ্রিম কোর্টেও বিষয়টি উঠতে পারে। এখন দেখার, সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয় এবং তার ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কবে ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks