spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

টানা তিন দিনের দুর্যোগের পূর্বাভাস: কলকাতায় ভারী বর্ষণ, বজ্রঝড় ও ঝুঁকির সতর্কতা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ২১  অগস্ট:

কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফের আবহাওয়ার চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। শহর কলকাতায় ইতিমধ্যেই আকাশ মেঘলা হয়ে রয়েছে, রাতভর কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার সকালেও সূর্যের দেখা নেই, মৃদু বৃষ্টি আর বজ্রপাতের দাপটে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই সময় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার সব দক্ষিণবঙ্গের জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শনিবার থেকে এই দুর্যোগের এলাকা আরও বিস্তৃত হয়ে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও প্রভাব ফেলতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, কিছু কিছু জেলায় রবিবার ও সোমবারও ঝড়বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস মিলেছে। শুক্রবার জলপাইগুড়িতে আবারও প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহেও প্রবল বৃষ্টি হবে। কালিম্পং ও দার্জিলিং-এ বজ্রঝড় ও ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে।

সমুদ্রও উত্তাল

আবহাওয়া দফতর সতর্ক করেছে, সপ্তাহান্তে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল হবে সমুদ্র। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের শনিবার ও রবিবার গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

তাপমাত্রার তারতম্য

কলকাতায় বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি নিচে। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি কমছে না।

আবহাওয়ার এই খামখেয়ালি স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলবে বলেই আশঙ্কা। দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা থাকায় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks