কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ২১ অগস্ট:
বিধাননগরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পরিবারের সদস্যদের উপর চড়াও হয়েছেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিচারপতির আইনজীবী পুত্র মনুজেন্দ্রনারায়ণ রায় ও তাঁর ছেলে সৌরীন্দ্রনারায়ণ রায়। হাই কোর্টে ইতিমধ্যেই দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সেক্টর ২–এ প্রাক্তন বিচারপতির পৌত্র সৌরীন্দ্র গাড়িতে উঠতে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই সাদা পোশাকের দুই পুলিশকর্মী তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। সৌরীন্দ্র কোনও রকমে ফোন করে বাবাকে খবর দেন। খবর পেয়ে আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ ছুটে এলে তিনিও ওই পুলিশকর্মীদের হাতে বেধড়ক মার খান। অভিযোগ, আঘাত এতটাই গুরুতর যে তাঁর পেলভিসের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইনজীবী মহলে ক্ষোভের সঞ্চার হয়। বৃহস্পতিবার সকালে একাধিক আইনজীবী হাই কোর্টে এই ঘটনার দ্রুত শুনানির আর্জি জানান। আইনজীবী অনিন্দ্য লাহিড়ি প্রশ্ন তোলেন, “ অবসরপ্রাপ্ত বিচারপতির পরিবারকে কেন এ ভাবে মারধর করল পুলিশ ? এর পেছনে কি বিশেষ কোনও উদ্দেশ্য রয়েছে ? ” একই সঙ্গে তিনি আদালতের কাছে অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়ার আবেদন জানান।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মামলা দায়ের করে সব পক্ষকে নোটিস পাঠানো হবে। পাশাপাশি, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আদালত এ দিনেই ঘটনার গুরুত্ব বিচার করে পরবর্তী পদক্ষেপ নিতে পারে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই প্রশাসনিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সাদা পোশাকের ওই পুলিশকর্মীরা কোন থানার, কেনই বা তাঁরা বিচারপতির বাড়ির সামনে উপস্থিত ছিলেন, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
আইনজীবী মহল সূত্রে খবর, ঘটনার সঠিক তদন্ত না হলে এই বিষয়টি বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে। কারণ, অভিযোগকারীরা মনে করছেন – এটি শুধুমাত্র মারধরের ঘটনা নয়, বরং আইনের শাসন ও বিচারব্যবস্থার মর্যাদার উপর আঘাত।




