কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা :কলকাতা,২৩ অগস্ট:
শহরের কোন রাস্তার দায়িত্ব কার—এই প্রশ্ন নিয়ে বহুদিন ধরেই বিভ্রান্ত ছিলেন সাধারণ মানুষ। কোনও রাস্তা খারাপ হলে কেউ অভিযোগ করতেন পুরসভার কাছে, আবার কেউ সরাসরি রাজ্য জনকল্যাণ দফতর বা অন্য সংস্থার ওপর দায় চাপাতেন। এর ফলে সমস্যার সমাধান দেরিতে হত, নাগরিকদেরও নাজেহাল হতে হতো। এবার সেই জট কেটে যাচ্ছে। কলকাতা পুরসভা রাস্তাঘাট রক্ষণাবেক্ষণে দায়বদ্ধতার স্পষ্ট ছবি সামনে আনতে উদ্যোগী হয়েছে।
শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি উঠে আসে। ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, “নাগরিকেরা জানেন না কোন রাস্তা কোন সংস্থার অধীনে। ফলে অভিযোগ জানানোর ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়।”
প্রসঙ্গটি তুলতেই মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানান, এই বিভ্রান্তি দূর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য,
“যে সংস্থা রাস্তা তৈরি বা রক্ষণাবেক্ষণ করছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে ডিসপ্লে বোর্ড বা হোর্ডিংয়ে। কয়েকটি রাস্তায় ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে, ধাপে ধাপে পুরো শহরজুড়েই বসানো হবে।”
তিনি আরও বলেন, এই উদ্যোগে আর দায় এড়ানোর সুযোগ থাকবে না। আগে রাস্তা ভেঙে গেলে একে অপরের ঘাড়ে দায় চাপাত সংস্থাগুলি। এখন বোর্ডে লেখা থাকবে কোন রাস্তার দায়িত্ব পুরসভার, কোনটির রাজ্য দফতরের, কিংবা কোন সংস্থা বিশেষ প্রকল্পের অংশ হিসাবে কাজ করেছে।
নাগরিকদের স্বস্তি, বিশেষজ্ঞদের প্রশংসা
এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাঁদের মতে, বোর্ডে দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম থাকলে অভিযোগ জানানোর পথ সহজ হবে এবং রাস্তা মেরামতির কাজও দ্রুত এগোবে।
নগর পরিকল্পনা বিশেষজ্ঞদেরও বক্তব্য, কলকাতার মতো মহানগরে যেখানে বিভিন্ন সংস্থা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে জড়িত, সেখানে দায় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই পদক্ষেপে নাগরিক পরিষেবায় স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সময়মতো রাস্তাঘাট সংস্কারের কাজও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তায় ডিসপ্লে বোর্ড বসানো সম্পূর্ণ হবে।
রাস্তা মেরামত বা রক্ষণাবেক্ষণ নিয়ে নাগরিকের বিভ্রান্তি আর থাকবে না—এমনটাই আশা পুরসভার এই উদ্যোগকে ঘিরে।




