spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

মেট্রোর নস্টালজিয়ায় মুখ্যমন্ত্রী – মমতা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :নয়া দিল্লি,২৩  অগস্ট:

“পরিকল্পনা থেকে বাস্তবায়ন— কলকাতার মেট্রো যাত্রা আমার ব্যক্তিগত অধ্যায়” : মমতা বন্দ্যোপাধ্যায়

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নতুন তিনটি মেট্রো করিডর উদ্বোধনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন অতীতে। স্মৃতিচারণ করলেন, কীভাবে এক সময় রেলমন্ত্রী হিসেবে কলকাতার মেট্রো সম্প্রসারণের নকশা তিনিই কষেছিলেন। তাঁর ভাষায়, “এ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এটা আমার ব্যক্তিগত জীবনেরও এক অধ্যায়।”

সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ একটু নস্টালজিক হতে চাই। আমি যখন ভারতের রেলমন্ত্রী, তখনই কলকাতায় মেট্রো রেল করিডরগুলির পরিকল্পনা, নকশা এবং অর্থ বরাদ্দ করেছিলাম। যোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ— শহরের বিভিন্ন প্রান্তকে একে অপরের সঙ্গে মেট্রোর মাধ্যমে জুড়ে দেওয়ার স্বপ্ন তখনই এঁকেছিলাম।”

তিনি দাবি করেন, শুধু পরিকল্পনা নয়, সেই সময়েই প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ধাপও এগিয়ে দেওয়া হয়েছিল। “আমি ব্লু-প্রিন্ট এঁকেছিলাম, ফান্ড জোগাড় করেছিলাম, কাজ শুরুর অনুমোদন দিয়েছিলাম,” উল্লেখ করেন মমতা।

মমতা বলেন, রেলমন্ত্রীর ভূমিকা শেষ হওয়ার পরেও থেমে থাকেননি তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকল্পকে গতিশীল করতে আরও এগিয়ে আসেন। তাঁর কথায়, “রাজ্যের পক্ষ থেকে আমরা বিনামূল্যে জমি দিয়েছি, রাস্তা তৈরি করেছি, উচ্ছেদ হওয়া মানুষদের পুনর্বাসন করেছি, এবং সব রকম প্রশাসনিক সহায়তা দিয়েছি। প্রকল্প বাস্তবায়নে যাতে কোনও বাধা না থাকে, সেদিকে নজর রেখেছি।”

তিনি যোগ করেন, একাধিক মুখ্যসচিব ধারাবাহিকভাবে সমন্বয় বৈঠক করেছেন। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগেই মেট্রো প্রকল্পের গতি বাড়ানো সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর এই আবেগঘন বার্তা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের দাবি, মেট্রো শুধু কেন্দ্রীয় প্রকল্প নয়, এর মধ্যে রয়েছে রাজ্যের অবদানও।

মমতার কথায়, “মেট্রো সম্প্রসারণ আমার কাছে শুধুই অবকাঠামো উন্নয়ন নয়। এটা এক দীর্ঘ ব্যক্তিগত যাত্রা। আজ একটু গর্বিত হয়ে বলতে চাই, পরিকল্পনা থেকে বাস্তবায়ন— দুই ক্ষেত্রেই আমার অংশগ্রহণ রয়েছে।”

উল্লেখযোগ্য, মোদির হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার নতুন তিনটি মেট্রো করিডর। এর মধ্যে রয়েছে প্রথমবারের মতো বিমানবন্দর সংযোগও। ফলে পরিবহন পরিকাঠামোয় শহরের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর ঠিক তার আগের মুহূর্তেই মমতার এই নস্টালজিয়া রাজনীতি ও উন্নয়নের আবেগপ্রবন ভাবনা দেখা গেলো ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks