spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

গাজ়ার নাম করে প্রতারণা! আমেদাবাদে গ্রেপ্তার সিরিয়ার যুবক, টার্গেটে একাধিক মসজিদ

কলকাতা টাইমস নিউজ  : ডেস্ক : কলকাতা ,২৪  অগস্ট:

গাজ়ার ধ্বংসস্তূপে ঘরহারা মানুষের দুর্দশা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। লক্ষ লক্ষ মানুষ ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন, শিশুদের খাদ্যের জন্য লড়াই করতে হচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে নানা সমাজসেবী সংগঠন সাহায্যের হাত বাড়ালেও সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। গাজ়ার ক্ষতিগ্রস্তদের সাহায্যের নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক সিরিয়ার যুবকের বিরুদ্ধে।

শনিবার আমেদাবাদের ক্রাইম ব্র্যাঞ্চের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত আলি মেগাত আল-আজহার। জানা গিয়েছে, পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করা আলি একাধিক মসজিদে গিয়ে নিজেকে স্বেচ্ছাসেবক পরিচয় দিয়ে অনুদান সংগ্রহ করত। দাবি করা হত, সংগৃহীত অর্থ গাজ়ার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য পাঠানো হবে।

পুলিশ সূত্রে খবর, আলি কোনও আন্তর্জাতিক সংগঠনের নাম ভাঁড়িয়ে আমেদাবাদের মসজিদগুলিতে ঘন ঘন ঘুরে বেড়াত। মানুষের সহানুভূতিকে পুঁজি করে সাহায্যের নামে প্রচুর অর্থ তুললেও তার এক টাকাও গাজ়ায় পৌঁছয়নি। সবটাই হাতিয়ে নেওয়া হয়েছে।

ক্রাইম ব্র্যাঞ্চ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অন্তত তিনজন জড়িত। তারা বর্তমানে পলাতক। স্থানীয় স্তরে কারও সহযোগিতা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্তা বলেন, “সিরিয়ার একটি প্রতারণা চক্র ভারতে সক্রিয় হয়েছিল। একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে।”

গাজ়া প্রসঙ্গ উল্লেখ করে পুলিশের একাংশ জানিয়েছে, চলতি যুদ্ধের জেরে মানুষের মধ্যে আবেগ প্রবল। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা অর্থ হাতানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা শুধু প্রতারণা নয়, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলি সেনার হামলার পর থেকে গাজ়ায় ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তবে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন। এই পরিস্থিতিতেই গাজ়ার মানুষের প্রতি সহমর্মিতা দেখাতে এগিয়ে এসেছেন অনেকেই। তবে সেই মানবিক আবেগকে অস্ত্র করে প্রতারণা চক্র যে সক্রিয়, তা স্পষ্ট হয়ে গেল আমেদাবাদ গ্রেপ্তারের ঘটনায়।

এই ঘটনাকে ঘিরে পুলিশের সতর্কতা: সাধারণ মানুষকে অনুদান দেওয়ার আগে সংস্থার সত্যতা যাচাই করার জন্য আবেদন জানানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks