spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

আবারও মোবাইল কাণ্ডে বিতর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা  ,২৫  অগস্ট:

নিয়োগ মামলায় নাম জড়ানো তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ফের নতুন করে শোরগোল তুললেন। অভিযোগ, সোমবার সকালে ইডি-র আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছনোর পরই আতঙ্কে নিজের মোবাইল ফোন ছুড়ে ফেলেন তিনি। তদন্তকারীদের দাবি, ফোনটি বাড়ির পিছনের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। এমনকি, ইডি সূত্রে খবর, আধিকারিকদের দেখে পালানোরও চেষ্টা করেছিলেন বিধায়ক। আপাতত তাঁকে ইডি হেফাজতেই বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে এ ঘটনা জীবনের প্রথম নয়। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসেও অনুরূপ অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে। সিবিআই যখন তাঁর কান্দির বাড়িতে হানা দিয়েছিল, তখনও অভিযোগ ওঠে—তল্লাশির ফাঁকে তিনি নিজের ব্যবহৃত দু’টি ফোন পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরবর্তীতে সিবিআই কর্মীদেরই পুকুরের জল ছেঁচে ফোন উদ্ধার করতে হয়েছিল। এমনকী কাদা-মাটির তলাতেও আলাদা করে অনুসন্ধান চালানো হয়। কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ ১৭ এপ্রিল, তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও সেই মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ।

জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে মোবাইল কাণ্ড নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। সাফ জানিয়েছিলেন—মামলাটি বিচারাধীন, আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু বছর খানেকের মাথায় ফের একই রকম অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠায় রাজনৈতিক মহল থেকে তদন্ত মহল—সর্বত্রই নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে—“মোবাইল ফোনে নিশ্চয়ই এমন কিছু তথ্য ছিল, যা প্রকাশ্যে এলে অনেক কিছু ফাঁস হয়ে যেত।” অন্যদিকে, শাসকদলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks