কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৫ অগস্ট:
টলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রাক্তন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং সিওপিডি-তে (Chronic Obstructive Pulmonary Disease) ভুগছিলেন অভিনেতা।
অভিনেতার সহযোগী সন্দীপ বেহরা জানান, গত ১৫ অগস্ট জয়কে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। ১৬ অগস্ট কিছুটা উন্নতি হলেও পরের দিনই তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। বাধ্য হয়ে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ হঠাৎ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখানেই জীবনাবসান ঘটে এই অভিনেতার।
অভিনয়জীবনের শুরুতেই দর্শকের মন জিতে নিয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। একের পর এক ছবিতে নায়কের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অঞ্জন চৌধুরী ও সুখেন দাসের পরিচালনায় তিনি অভিনয় করেছেন ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘ছোট সাহেব’, ‘মার্গ’, ‘অভাগিনী’-র মতো একাধিক সফল ছবিতে।
মধ্যবিত্ত বাঙালির কাছে সহজ, সাবলীল অভিনয় তাঁকে ঘরের ছেলে করে তুলেছিল। তবে ‘ম্যাটিনি হিরো’-র তকমা না পেলেও বাস্তবধর্মী অভিনয় দক্ষতার জন্য আজও তিনি দর্শকের মনে অমলিন হয়ে রয়েছেন।
অভিনয় থেকে অবসর নেওয়ার পর জয় বন্দ্যোপাধ্যায় যোগ দেন রাজনীতিতে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সেই আসনে জয়ী হতে পারেননি। কয়েক বছর সক্রিয় রাজনীতিতে থাকার পর প্রায় চার বছর আগে তিনি রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ান।
অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। একের পর এক পরিচালক, সহঅভিনেতা, সহকর্মী তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সোমবার বিকেল ৩টে নাগাদ জয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ তাঁর তারাতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
বিজেপির তরফ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন,
“অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।”
সাদামাটা জীবনযাপন আর বাস্তবধর্মী অভিনয়ের জন্য আলাদা পরিচিতি পেয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগৎ হারাল এক সহজ-সরল অভিনেতাকে। ভক্তদের কাছে তাঁর অকাল প্রয়াণ এক গভীর শূন্যতা হয়ে থাকবে।




