কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ২৭ অগস্ট :
মহিলা মহল, আকাশবাণীর এই জনপ্রিয় অনুষ্ঠান দীর্ঘ ৩০ বছর ধরে সঞ্চালনা করে আপামর বাঙালির মন জয় করেছিলেন বেলা দে। সেই বেলা- দের জীবন কাহিনী এবার বড় পর্দায় নিয়ে এলেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। বেলার নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত।
সোমবার সন্ধ্যায় সল্টলেকে ছিল বেলার মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় সহ বেলার কলাকুশলীরা।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সুযোগ্য পুত্র বাসুদেব বোস।
২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে বেলা।
আর ওই দিনই মুক্তি পাবে সোহম অভিনীত বহুরূপ ছবিটিও। এদিনের বেলার মিউজিক লঞ্চের মঞ্চে ঋতুপর্ণার আমন্ত্রণে তাই উপস্থিত ছিলেন সোহমও। বহুরূপ সিনেমাটির সাফল্য কামনা করে বেলার গোটা টিম।
এদিন মূলত বেলা সিনেমার তিনটি গান লঞ্চ করা হয়। তমোঘ্ন চট্টোপাধ্যায়ের লেখনী ও রনজয় ভট্টাচার্যের সুরে ‘নিজেকে বেসেছি বড় ভালো’ গানটি গেয়েছেন সোমলতা আচার্য। সোমলতার মতে বেলা দে বাঙালির নস্টালজিয়া। গানে গানে সেই সিনেমার অংশ হতে পেরে স্বভাবতই খুশি সোমলতা। তমোঘ্ন ও রণজয় ও আশাবাদী শ্রোতাদের ভালো লাগবে এই গানটি।
এই সিনেমার অপর আরেকটি গান লিখেছেন অমিত চট্টোপাধ্যায়, সুর দিয়েছেন ঋতম সেন।
গানটি গেয়েছেন ঈর্ষিতা মুখোপাধ্যায়।
তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক হতে চলেছে অরিজিৎ সিং এর গাওয়া বেলা বেলা থিম সং
সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান গানটি। পরিচালক অনিলাভ জানিয়েছেন এই গানটির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন অরিজিৎ সিং। পুরো গানটি স্ট্রিং ইন্সট্রুমেন্ট -এর উপরে অ্যারেঞ্জ করেছেন অরিজিৎ এবং সম্পূর্ণ গানটি রেকর্ডিং করা হয়েছে বুদাপেস্টে।
বেলাতে এই গানটি ছাড়াও তমোঘ্ন ও রণজয়ের লেখায় ও সুরে আরেকটি গান গেয়েছেন অরিজিৎ সিং। বেলা সিনেমার গান গুলি সবকটি অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে বলেই জানিয়েছে বেলার মিউজিক টিম। বেঙ্গলি মিউজিক ডিরেক্টরি থেকে বেলার গানগুলি প্রকাশিত হবে।
জীবনযুদ্ধে দুমড়ে মুচড়ে যাওয়া একটা মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে বেলা। সমস্ত সংকোচ কাটিয়ে, সমাজের প্রতিকূলতাকে দূরে সরিয়ে যে বেলা একদিন মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর সাহস যুগিয়ে ছিল, বাঙালি মেয়েদের রান্না কে দিয়েছিল শিল্পের মর্যাদা, সেই বেলাই অবশেষে আসতে চলেছে সিলভার স্ক্রিনে। বেলার গল্প একটা সময়ের দলিল হয়ে থাকবে বলেই আশাবাদী পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়।




