কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা :কলকাতা,২৮ অগস্ট :
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেটি ধীরে ধীরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে মূল প্রভাব পড়বে ওড়িশার উপকূলবর্তী এলাকায়। তবে এর আঁচ অনুভূত হবে বাংলাতেও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এ দিন বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলক বেশি প্রভাবিত হবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারে আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।
রাজধানী কলকাতায় বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশ মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত আকাশ ভারী মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বৃষ্টি না হলে শহরবাসীর অস্বস্তি বাড়বে।
নিম্নচাপের কারণে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী ওডিশা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহবিদদের মতে, এই নিম্নচাপ মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করবে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি অস্বস্তিকর আর্দ্রতা বাংলার আবহাওয়ার সঙ্গী হতে চলেছে।




