spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

গ্রুপ-ডি অস্থায়ী কর্মীদের স্বস্তি: ভাতা দ্বিগুণ, এ বার থেকে মাসে ৫ হাজার টাকা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা,২৯ অগস্ট :

 রাজ্যের অস্থায়ী গ্রুপ-ডি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মাসিক ভাতা দ্বিগুণ করে ৫ হাজার টাকা করার ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সিদ্ধান্ত ১ অগস্ট থেকে কার্যকর হয়েছে।

এর ফলে যাঁরা বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক বা কনটিনজেন্সি খাত থেকে ভাতা পেতেন, তাঁদের জন্য ভাতা বৃদ্ধির এই খবর একপ্রকার আশীর্বাদের সমান। আগে যেখানে তাঁদের মাসে মাত্র ২ হাজার টাকা দেওয়া হত, এখন সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫ হাজার।

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, গ্রুপ-ডি অস্থায়ী কর্মীরা — যাঁরা সারা বছর অথবা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন — তাঁরাই এই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে এর বাইরে অন্য কোনও আর্থিক সুবিধা বা স্থায়ী কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা মিলবে না। আগের মতোই অন্যান্য নিয়ম অক্ষুণ্ণ থাকবে।

চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীরা মূলত বিভিন্ন দপ্তরে কাজের চাপ ও প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক স্তরে নিয়োগ পান। তাঁদের কাজ স্থায়ী নয়, বরং নির্দিষ্ট সময় বা কাজের প্রকৃতির উপর নির্ভরশীল। তাই দীর্ঘদিন ধরেই এই কর্মীরা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন। রাজ্যের এই পদক্ষেপে তাঁদের স্বস্তি মিলল বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার শ্রমিক স্বার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে। কয়েকদিন আগেই চালু হয়েছে ‘শ্রমশ্রী প্রকল্প’। এই প্রকল্পে ভিনরাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে তাঁদের এক বছরের জন্য মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে জব কার্ডের মাধ্যমে কাজের সুযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা পরিষেবা ও খাদ্যসাথীর সুবিধাও।

সরকারি মহলের বক্তব্য, রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিক কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধারাবাহিকভাবে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত তারই অঙ্গ।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ও নিম্ন আয়ের কর্মীদের আস্থা ধরে রাখতেই এই পদক্ষেপ। অন্যদিকে, চুক্তিভিত্তিক কর্মীরা বলছেন— দীর্ঘদিনের দাবি আংশিক মিটেছে, তবে ভবিষ্যতে স্থায়ী নিয়োগের আশাতেই তাঁরা পথ চেয়ে থাকবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks