spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

আজকের বড় খবর : জাপানে মোদীর সফর থেকে আদালতে জীবনকৃষ্ণ, ইউএস ওপেন, আবহাওয়া !

কলকাতা টাইমস নিউজ  :ডেস্ক :কলকাতা ,৩০ অগস্ট :

আন্তর্জাতিক কূটনীতি : জাপানে প্রধানমন্ত্রী মোদী


দু’দিনের সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন তিনি। দুই রাষ্ট্রনেতার মধ্যে মূলত বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়। ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর, খনিজ সম্পদ, ওষুধ শিল্প এবং টেলিযোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবারও জাপানে বৈঠকসূচি রয়েছে মোদীর। রবিবার তিনি জাপান সফর শেষ করে সরাসরি চিনে পাড়ি দেবেন।

দেশের খবর : আদালতে জীবনকৃষ্ণ সাহা


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার আলোচনায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পরে এ বার তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে ছ’দিনের ইডি হেফাজতে থাকা জীবনকৃষ্ণকে শনিবার আবার আদালতে হাজির করা হবে। মামলার ভবিষ্যৎ দিক নিয়ে নজর আজ আদালতের রায়ের উপরই।

খেলাধুলো : ইউএস ওপেন ও দলীপ ট্রফি


আমেরিকার কোর্টে চলছে ইউএস ওপেন। আজকের দিনে নজর থাকবে শীর্ষ বাছাই জানিক সিনার ও তাঁর প্রতিপক্ষ ২৭ নম্বর ডেনিস সাপোভালভের ম্যাচে। একইসঙ্গে নামছেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ, যার সামনে থাকছেন ফেলিক্স অগার আলিয়াসিম। মহিলা এককে মাঠে নামবেন কোকো গফ ও ইগা শিয়নটেক। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টারে সরাসরি সম্প্রচার।
এদিকে দেশে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই। এক ম্যাচে মুখোমুখি পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল, অপর ম্যাচে মধ্যাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে খেলছেন মহম্মদ শামি। দুই ম্যাচেই বড় রানের ইনিংস খাড়া করেছে দলগুলো। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

কলকাতা ফুটবল লিগ : কঠিন পরীক্ষায় মোহনবাগান


সবুজ-মেরুন ব্রিগেড আজ নামছে পাঠচক্রের বিরুদ্ধে। ন’ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৪, অন্যদিকে পাঠচক্র ১০ ম্যাচে সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। আগের ম্যাচে হারার পর আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু হলে সুপার সিক্সে ওঠার রাস্তা আরও জটিল হয়ে উঠবে বাগানের। নৈহাটিতে বিকেল ৩টে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই।

আবহাওয়া : ঝড়বৃষ্টির সতর্কতা


দক্ষিণবঙ্গের পাঁচ জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজ ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর এই জেলাগুলির জন্য জারি করেছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আট জেলায়ও আজ একই সতর্কতা বহাল। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks