কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,৩০ অগস্ট :
ভারতীয় রেলের সবচেয়ে জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এবার যাত্রীদের চাহিদার কারণে আরও দীর্ঘ হতে চলেছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে, দেশের নানা প্রান্তে এই ট্রেনের টিকিটের চাহিদা এতটাই বেশি যে প্রায় সব রুটেই ট্রেন ভরতি থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক সময় যাত্রী মাঝপথে নেমে গেলেও মুহূর্তের মধ্যে সেই আসন পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে বন্দে ভারতের অকুপেন্সি রেট ১০৫ শতাংশ ছুঁয়ে গিয়েছে।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, যাত্রীদের এই বিপুল আগ্রহ মাথায় রেখে কামরার সংখ্যা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে হাওড়া–রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে কামরার সংখ্যা দ্বিগুণ করা হবে। এতদিন যেখানে আট কামরার রেক চলত, সেখানে এবার থেকে থাকবে ১৬টি কামরা। শুধু তাই নয়, ১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেসকে আরও বড় করে ২০ কামরায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
রেল আধিকারিকরা জানাচ্ছেন, কোন রুটে বন্দে ভারতের টিকিট কতটা বিক্রি হচ্ছে, সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন ট্রেনে কত কামরা বাড়ানো হবে। এই প্রক্রিয়ায় যাত্রীদের ভিড় কমানো যাবে এবং আরও বেশি মানুষ এই আধুনিক ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।
বর্তমানে দেশের বিভিন্ন রেলওয়ে জোনে ১৪৪টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এদের মধ্যে অধিকাংশ ট্রেনেই চাহিদা বিপুল। সাধারণ যাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সবাই চাইছেন দ্রুততম সময়ে এবং আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছতে। সেই কারণে এই আধুনিক ট্রেনের টিকিট প্রায়শই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে।
শুধু কামরার সংখ্যা বৃদ্ধিই নয়, ভারতীয় রেল এখন মন দিচ্ছে বন্দে ভারত স্লিপার তৈরির দিকেও। কর্তৃপক্ষের আশা, নাইট জার্নির জন্য উপযুক্ত এই স্লিপার সংস্করণও যাত্রীদের মধ্যে বিরাট জনপ্রিয়তা অর্জন করবে। ইতিমধ্যেই দশটি স্লিপার বন্দে ভারতের কাজ চলছে।
রেল বোর্ডের মতে, যাত্রীদের দাবি পূরণ করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। যেভাবে দেশের সর্বত্র বন্দে ভারতের চাহিদা বেড়েই চলেছে, তাতে ভবিষ্যতে আরও নতুন রুটে ও আরও বেশি কামরা নিয়ে এই আধুনিক ট্রেন চালু হওয়ার সম্ভাবনা প্রবল।




