কলকাতা টাইমস নিউজ : ডেস্ক : কলকাতা , ২ সেপ্টেম্বর :
ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি
ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবং সেনার পক্ষ থেকে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের কর্মসূচি শুরু হবে। জানা গিয়েছে, সারা রাজ্যজুড়েই এই প্রতিবাদ ছড়িয়ে পড়বে। আগামীকাল বেলা দু’টো থেকে চারটে পর্যন্ত সব ব্লক, জেলা, ওয়ার্ড ও পঞ্চায়েত স্তরে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’-র বিরুদ্ধে সরব হবে দল।
শ্রীরামপুর-মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজও সমান তালে চালিয়ে যাচ্ছে তৃণমূল। মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবেন শ্রীরামপুর ও মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে। উপস্থিত থাকবেন দুই জেলার সাংগঠনিক সভাপতি, বিধায়ক এবং গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। বৈঠকে আসন্ন ভোট, দলের কৌশল এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা।
নয়াদিল্লিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর সূচনা
মঙ্গলবার নয়াদিল্লির যশোভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর চতুর্থ সংস্করণ। ভারতের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম বৃহৎ মঞ্চ হিসাবে এই অনুষ্ঠানকে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতকে বিশ্বের অন্যতম সেমিকন্ডাক্টর ডিজ়াইন ও উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রযুক্তি সংস্থা, গবেষক ও শিল্প প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ক্রীড়া: পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ, শুরু ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ক্রিকেটপ্রেমীদের জন্য মঙ্গলবার বিশেষ দিন। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৯ রানে পরাজিত হয়েছিল আফগানিস্তান, তাই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের সামনে।
অন্যদিকে, হেডিংলেতে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে। দুই দলের মধ্যকার লড়াই নিয়ে ক্রিকেট মহলে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।




