spot_img
25 C
Kolkata
Sunday, December 7, 2025
spot_img

মহাকরণের সামনে সেনার ট্রাক থামাল কলকাতা পুলিশ, হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পৌঁছলেন সেনা আধিকারিকরা !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : কলকাতা , ২ সেপ্টেম্বর  :


মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ঠিক সেই আবহেই মঙ্গলবার সকালে নজিরবিহীন এক ঘটনা ঘটল শহরের বুকে। মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকায় কলকাতা ট্র্যাফিক পুলিশ। এরপর উত্তেজনা বাড়তে থাকে, পরিস্থিতি সামাল দিতে শেষমেশ হেয়ার স্ট্রিট থানায় হাজির হন সেনার দুই আধিকারিক।

পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল সেনার ওই ট্রাক। অভিযোগ, বিপজ্জনকভাবে ট্রাকটি মোড় নেয় এবং ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করে। ঠিক তখনই লালবাজারের দিকে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। কমিশনারের গাড়ি ওই ট্রাকের পিছনেই ছিল বলে জানা গিয়েছে। পুলিশ দাবি করেছে, ওই পরিস্থিতিতে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই নিরাপত্তার স্বার্থে ট্রাকটি আটকানো হয়।

তবে ভিন্ন দাবি সেনার তরফে। ট্রাকে থাকা জওয়ানরা সংবাদমাধ্যমকে জানান, সিগন্যাল খোলা থাকায় ট্রাক ঘোরানো হয়েছিল। তাঁদের কথায়, “সিগন্যাল গ্রিন থাকতেই মোড় নিয়েছিলাম। বিপজ্জনকভাবে চালানো হয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন।” সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি ফোর্ট উইলিয়ামে অবহিত করা হয়েছে।

ঘটনার পর এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় রাস্তায়। ডেকার্স লেনের মুখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে সেনার ওই ট্রাক। পরে অবশ্য তা ফোর্ট উইলিয়ামের দিকেই ফিরে যায়। এদিকে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পৌঁছন সেনার দুই আধিকারিক। থানার ভিতরে তাঁদের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয় বলে সূত্রের খবর।

পরে কলকাতা পুলিশের তরফে ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেই ফুটেজ নিয়েও শুরু হয়েছে জল্পনা। ট্রাফিক পুলিশের দাবি, ফুটেজেই ধরা পড়েছে ট্রাকের বিপজ্জনক টার্ন নেওয়ার দৃশ্য। তবে সেনার তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনার রাজনৈতিক অভিঘাত নিয়েও চর্চা শুরু হয়েছে। মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ ঘিরে ইতিমধ্যেই সেনা ও রাজ্য প্রশাসনের মধ্যে পারস্পরিক ‘সংঘাত’ নিয়ে বিরোধীরা তীর ছুড়ছে। তার মধ্যেই সেনার ট্রাক আটকানোর ঘটনা নতুন করে বিতর্ক বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks