spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

মাতৃত্বকে প্রণাম, দেবীর আবাহনের আগে ‘আমার মা আমার দুর্গা’ !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : কলকাতা , ২ সেপ্টেম্বর  :

দুর্গাপুজোর প্রাক্কালে দেবী বন্দনার সঙ্গে সঙ্গে মাতৃত্বকেও প্রণাম জানাল শহর। “আমার মা আমার দুর্গা”—এই ভাবনায় ভর করে শনিবার আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। সন্তানদের হাত ধরে মঞ্চে উঠলেন নানা ক্ষেত্রের কৃতী সন্তানদের গর্বিত মায়েরা। জীবনের সংগ্রামের কাহিনী শুনে দর্শকের চোখে জল। দেবীর আগমনের আগে বাস্তবের মাতৃরূপী দেবীদের সম্মান জানানোর এই উদ্যোগে মাতৃত্ব পেল এক ভিন্ন মহিমা।

অনুষ্ঠানের আয়োজন করে ভাবনা আজ ও কাল। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, “বিগত কয়েক বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাঁদের মায়েদের কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠান। কারণ সন্তানকে বড় করে তোলার নেপথ্যে থাকে মায়ের নিরন্তর সংগ্রাম, আত্মত্যাগ।”

এই দিনে স্মৃতিচারণে ভেসে যান ঋতুপর্ণা নিজেও। তিনি বলেন, “গত বছরে আমি আমার মায়ের হাত ধরে মঞ্চে উঠেছিলাম। কিন্তু এ বছর মা আমার সঙ্গে নেই। তবুও প্রতিটি মুহূর্তে তাঁর উপস্থিতি আমি অনুভব করি।”
অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি হারিয়েছেন তাঁর মাকে। মঞ্চে উঠে তিনি বলেন, “মা নেই, অথচ সর্বত্র তাঁর ছায়া অনুভব করি।” এই কথায় দর্শকমণ্ডলী আবেগে আপ্লুত হয়ে পড়েন।

প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান জানানো হয়। ঋতুপর্ণা জানালেন, “নিজের মা নেই, কিন্তু সিনেমার মা মাধবীদি আমার জীবনের অনেকখানি জুড়ে আছেন।”

সম্মান গ্রহণ করতে মঞ্চে একে একে উপস্থিত হন অভিনেত্রী পাওলি দাম, দিতিপ্রিয়া রায়, জাদুকর জুনিয়র পিসি সরকার-এর স্ত্রী জয়শ্রী সরকার ও কন্যা মৌবনী সরকার। সঙ্গীতশিল্পী অন্বেষা দত্তগুপ্ত সহ বহু তারকা উপস্থিত ছিলেন।
সকলের মুখেই একই সুর—“আমরা যতদূর এসেছি, তার পিছনে নিঃস্বার্থ শ্রম আর ত্যাগ মায়েদের। এই সম্মান তাই আমাদের কাছে শুধু আনুষ্ঠানিকতা নয়, জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।”

চারিদিকে ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু। ঢাকের কাঠি পড়ে গেছে। এই আবহেই শনিবারের অনুষ্ঠানে দেবী দুর্গার একচালা প্রতিমার সামনে ধুনুচি নাচ, ঢাকের বাদ্যি, আরতির মধ্যে দিয়ে মাতৃত্বকে প্রণাম জানানো হল। যেন বাস্তব জীবনের প্রতিটি মা রূপ পেলেন দুর্গারই প্রতিচ্ছবি।

আয়োজকরা আশা করেন, এই অনুষ্ঠান শুধু আবেগেই সীমাবদ্ধ থাকবে না, সমাজে মাতৃত্বের মর্যাদা ও মায়েদের অবদানের স্বীকৃতিকে আরও জোরদার করবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks