কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১০ সেপ্টেম্বর :
দীর্ঘ সাত মাসের জটিলতা কাটিয়ে অবশেষে সমাধানের পথে এগোলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা প্রকল্প। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার মেট্রোরেল ভবনে মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর ঠিক হলো— নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ইএম বাইপাসে ট্র্যাফিক ব্লক নিয়ে ভায়াডাক্ট নির্মাণের কাজ সম্পন্ন হবে।
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার দীর্ঘ ভায়াডাক্ট তৈরির কাজ ফেব্রুয়ারি থেকে থমকে ছিল। এর ফলে নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রোর (অরেঞ্জ লাইন) গুরুত্বপূর্ণ এই অংশের কাজ এগোয়নি। এমনকি গৌরকিশোর ঘোষ নামাঙ্কিত চিংড়িঘাটা স্টেশনের কাজও স্থগিত ছিল। রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর সঙ্গে কলকাতা পুলিশ, পুরসভা এবং রাজ্য সরকারের একাধিক দপ্তরের বারবার মতবিরোধই এই জটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল।
নাগরিকদের ভোগান্তি বাড়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয় জনস্বার্থ মামলার মাধ্যমে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে–র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়— সব পক্ষকে একসঙ্গে বসে সমাধানসূত্র বের করতে হবে এবং আলোচনার ফল বৃহস্পতিবার আদালতে জানাতে হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দুর্গাপুজো ও কালীপুজোর সময় কোনোভাবেই ইএম বাইপাসে যান চলাচলে সমস্যা তৈরি করা হবে না। তাই নভেম্বরের ১৪ থেকে ১৬ এবং ২১ থেকে ২৩— এই দুই ধাপে মোট ছয়দিন ধরে ভায়াডাক্ট নির্মাণের কাজ চলবে।
এর আগে ১৩ সেপ্টেম্বর একটি মহড়া হবে, যাতে যান চলাচল নিয়ন্ত্রণের প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখা যায়। কোন কোন জায়গায় ট্র্যাফিক ব্লক নেওয়া হবে এবং বিকল্প রুট কীভাবে চালু করা হবে— সে ব্যাপারে বিস্তারিত পরিকল্পনাও সেই দিনই পরীক্ষা করে দেখা হবে।
মেট্রো ও রাজ্যের প্রতিনিধিদের কথায়, দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটিয়ে নভেম্বরেই কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। তাদের মতে, গণপরিবহণ প্রকল্প আটকে থাকার ক্ষতি সর্বাধিক হয় সাধারণ নাগরিকদের। তাই আদালতের হস্তক্ষেপে যে নতুন সমঝোতার পথ খুলেছে, তাতে দ্রুত কাজ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখন সব চোখ বৃহস্পতিবারের দিকে— সেদিন হাইকোর্টে এই বৈঠকের নির্যাস পেশ করবে মেট্রো ও রাজ্য। আদালত সন্তুষ্ট হলে নভেম্বরেই চিংড়িঘাটার জট কাটিয়ে শহরের অরেঞ্জ লাইনের কাজ ফের গতি পেতে চলেছে।




