কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :দার্জিলিং , ১১ সেপ্টেম্বর :
ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে দার্জিলিং জেলার ফাঁসিদেয়া ব্লকে তাঁর মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রথমে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মন্ত্রী ঠাকুর পঞ্চানন বর্মার অসামান্য সমাজ সংস্কারমূলক কাজের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “ঠাকুর পঞ্চানন বর্মা শুধু রাজবংশী সমাজের নয়, সমগ্র উত্তরবঙ্গ তথা বাংলার গর্ব। তিনি কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন। নারীর ক্ষমতায়ণ ও শিক্ষার প্রসারে তাঁর অবদান যুগান্তকারী।”
মন্ত্রী আরও জানান, বর্তমান প্রজন্মের কাছে পঞ্চানন বর্মার জীবন ও আদর্শ এক অনন্য প্রেরণা।
এই উপলক্ষে পরিবহনমন্ত্রী স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপগুলির কথা। তিনি বলেন, “২০১২ সালে মুখ্যমন্ত্রী কোচবিহারে ‘কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তাঁর জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রাজবংশী সমাজের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও লিপির সংরক্ষণে মুখ্যমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করছেন।”
তিনি আরও জানান, উত্তরবঙ্গের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে।
ফাঁসিদেয়ার এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তারা, পঞ্চায়েত সদস্য, বিশিষ্ট নাগরিক এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল শ্রদ্ধা, আবেগ ও গর্বে ভরপুর। মূর্তির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই “ঠাকুর পঞ্চানন বর্মা অমর থাকুন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।




