কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :নয়াদিল্লি , ১২ সেপ্টেম্বর :
কৃষক আন্দোলন চলাকালীন বিতর্কিত টুইট ঘিরে দায়ের হওয়া মানহানির মামলায় বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত চেয়েছিলেন সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল—এই মুহূর্তে মামলাটি খারিজের মতো নয়। উল্টে বিচারপতিরা মন্তব্য করেন, কঙ্গনা শুধু রিটুইট করেননি, বরং “মশলা” যোগ করেছিলেন, ফলে দায় এড়ানো সহজ নয়।
বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা-র ডিভিশন বেঞ্চ কঙ্গনার আবেদন শুনতে গিয়ে বলেন
“এটা শুধু রিটুইট নয়, আপনি আরও কিছু যোগ করেছিলেন। তাই এটাকে মামলার বিষয়বস্তু বলেই ধরা হবে।” একইসাথে কঙ্গনার আইনজীবী যুক্তি দেন, তিনি কেবলমাত্র অন্যের লেখা রিটুইট করেছিলেন। কিন্তু বেঞ্চ জানায়, তাতে দায় এড়ানো যায় না। এ ধরনের বিষয় বিচার হবে ট্রায়াল কোর্টে।
কঙ্গনার আইনজীবী আরও জানান, পঞ্জাবে তাঁর পক্ষে গিয়ে হাজিরা দেওয়া খুবই কঠিন। সে সময় বেঞ্চের মন্তব্য— হাজিরা থেকে ছাড়ের জন্য তিনি নীচু আদালতের দ্বারস্থ হতে পারেন। শেষ পর্যন্ত কঙ্গনা নিজেই তাঁর আবেদন প্রত্যাহার করে নেন।
২০২১ সালের জানুয়ারিতে পঞ্জাবের বাথিন্ডার বাসিন্দা মহিন্দর কউর নামের ৭৩ বছরের এক প্রবীণ কৃষাণী কঙ্গনার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনেন। তাঁর দাবি, কঙ্গনা কৃষক আন্দোলনের সময়কার একটি টুইটে তাঁকে শাহিনবাগের আন্দোলনকারী এক বৃদ্ধার সঙ্গে তুলনা করেছিলেন। ওই বৃদ্ধা আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম–এ স্থান পেয়েছিলেন। কউরের বক্তব্য, তাঁর সঙ্গে সেই ব্যক্তির কোনও সম্পর্ক নেই। অথচ কঙ্গনার পোস্ট তাঁকে প্রকাশ্যে অপমান করেছে, তাঁর সম্মান ক্ষুণ্ণ করেছে।
এই অভিযোগে বাথিন্ডা আদালত কঙ্গনাকে সমন পাঠায়। পরে অভিনেত্রী পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে যান। কিন্তু গত ১ আগস্ট হাই কোর্টও তাঁর মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করে জানায়, অভিযোগগুলির ভিত্তি রয়েছে। এরপরই তিনি সুপ্রিম কোর্টে আসেন।
সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট জানায়, অভিযোগের প্রকৃত সত্যতা খতিয়ে দেখা হবে মূল বিচারে। এখানে আগে ভাগে অভিযোগ খারিজ করা সম্ভব নয়। আদালতের ভাষায়, “আপনার হয়তো সঠিক যুক্তি আছে, কিন্তু তা ট্রায়াল কোর্টেই প্রমাণ করতে হবে।”
কঙ্গনার আইনজীবীরা বারবার বলেন, তাঁর উদ্দেশ্য কখনওই কাউকে ছোট করা নয়। তিনি শুধু মত প্রকাশ করেছিলেন। তবে আদালত সে যুক্তি খারিজ করে জানায়, রিটুইটে অতিরিক্ত মন্তব্য যোগ করায় তিনি দায় এড়াতে পারবেন না।




