কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৭ সেপ্টেম্বর :
নিষিদ্ধ পল্লীর গল্পে ভালবাসার বার্তা – ‘আলো ছায়ার উপাখ্যান ‘
আলো অন্ধকার এই নিয়েই মানুষের জীবন। কিন্তু যাদের জীবনে শুধুই অন্ধকার, তাদের কথা কজন ভাবে। নিষিদ্ধ পল্লীগুলোতে যে হাজার হাজার মেয়েরা তাদের জীবন যাপন করছে তাদের কাছে ভালোবাসা যেন সোনার পাথর বাটি। অথচ সমাজের এই নিষিদ্ধ পল্লীগুলি সভ্য সমাজের এক নির্মম সত্য। পরিস্থিতির শিকার হয়ে নিষিদ্ধ পল্লীর অন্ধকারে তলিয়ে যাওয়া এক মেয়েকে আবার স্বাভাবিক জীবনে তাঁর স্বামীর ফিরিয়ে আনার গল্পই ব্যক্ত হয়েছে আলো ছায়ার উপাখ্যান এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে।
সদ্য বিবাহিত এক দম্পতি একদিন রাস্তায় দুষ্কৃতিদের হাতে নির্যাতিত হওয়ার পর, স্বামীকে মারধর করে স্ত্রীকে অপহরণ করে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় দুষ্কৃতীরা। স্ত্রী নিষিদ্ধ পল্লীতে আছে জানার পরেও ভালোবাসার টানে নিষিদ্ধ পল্লী থেকে স্ত্রীকে উদ্ধার করতে ছুটে যান স্বামী। সেখানে এক সেক্স ওয়ার্কারের সহায়তায় খুঁজে পান স্ত্রীকে। মর্যাদার সঙ্গে তাঁকে ফিরিয়ে নিয়ে যান সংসারে।
যে যৌনকর্মীর সহায়তায় স্ত্রীকে ফিরে পান স্বামী, ফিল্মে উঠে আসে সেই যৌনকর্মীর করুন কাহিনী।
কোনদিন ভালোবাসা না পাওয়া এক মেয়ের যন্ত্রনা নিপুনভাবে এই সিনেমায় ফুটিয়ে তোলেন অভিনেত্রী অর্পিতা দত্ত চৌধূরী। তিনি সমস্ত কৃতিত্ব দেন এই সিনেমাটির পরিচালক অরুনিমা দে কে। অরুনিমাও জানান এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি তিনি তৈরি করেছেন বিশ্বের কাছে এক বার্তা তুলে ধরার জন্য। তিনি জানান এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবের জন্য নির্মাণ করা হয়েছে। কোন প্রেক্ষাগৃহে বা ও টি টি প্লাটফর্মের জন্য নয়।
অরুনিমা বলেন ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি।
প্রযোজক শ্রী রতন ঝাওয়ার জানান এই সিনেমাটির গল্প তাঁকে আকৃষ্ট করে। Digimax Creation Production এর আলো ছায়ার উপাখ্যান-এর স্ক্রিপ্ট লিখেছেন কোয়েল মজুমদার। সঙ্গীত ও ক্রিয়েটিভ ডিরেক্টর সুজিত সাহা। সহেলি চক্রবর্তীর গলায় রবীন্দ্রসঙ্গীত টি সিনেমায় অন্য মাত্রা যোগ করে। অর্পিতা ছাড়াও আলো ছায়ার উপাখ্যানে বিভিন্ন চরিত্রে অভিনয়ে বিশেষ ছাপ রেখেছেন শুভজিৎ চক্রবর্তী, দেবযানী ঘোষ, মেঘা শিকদার, অরুনিমা দে, রতন ঝাওযার ও অন্যান্যরা। সিনেমার পরিচালক প্রযোজক ও কলাকুশলীরা প্রত্যেকেই আশাবাদী স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি দর্শকদের মন জয় করবে।

সিনেমাটি চলচ্চিত্র উৎসবে মুক্তি পাওয়ার আগে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী জয়া শীল এবং বিশিষ্ট পরিচালক অনিন্দ্য সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্পিতা চ্যাটার্জি গাঙ্গুলি ।




