কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৭ সেপ্টেম্বর :
আজকের দিন: মোদীর জন্মদিনে প্রদর্শনী, মাঠে নামছেন নীরজ-ভারতীয় মহিলা দল, পাকিস্তানের মরণ-বাঁচন লড়াই
আজ নানা ঘটনার সাক্ষী ভারত। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন, অন্যদিকে আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চে একের পর এক গুরুত্বপূর্ণ লড়াই, সঙ্গে আবহাওয়ার সতর্কবার্তা—সব মিলিয়ে মঙ্গলবার দেশজুড়ে নজর কেড়েছে একাধিক খবরে।
মোদীর যাত্রাপথ নিয়ে কলকাতায় প্রদর্শনী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের ৭৫ বছরকে ঘিরে আজ থেকে কলকাতার এক জাদুঘরে শুরু হচ্ছে বিশেষ প্রদর্শনী। শিশুকালেই আরএসএসের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বিজেপির সাংগঠনিক দায়িত্ব, গুজরাতের মুখ্যমন্ত্রীত্ব এবং পরে দেশের প্রধানমন্ত্রী—এই দীর্ঘ ২৪ বছরের প্রশাসনিক যাত্রাপথকে তুলে ধরা হচ্ছে প্রদর্শনীতে।
এমন আকারে মোদীর জীবন ও কাজ নিয়ে প্রদর্শনী এবারই প্রথম, যা চলবে মহালয়া পর্যন্ত। কলকাতার প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
পাকিস্তানের মরণ-বাঁচন ম্যাচ
এশিয়া কাপে আজ মাঠে নামছে পাকিস্তান। হ্যান্ডশেক বিতর্কে আইসিসির সঙ্গে টানাপোড়েন চললেও আজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছেন সলমন আঘারারা। হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে পাকিস্তান। খেলা শুরু রাত ৮টা থেকে। সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে দেখা যাবে ম্যাচটি।
বিশ্ব অ্যাথলেটিক্সে নীরজের লড়াই
টোকিয়ো অলিম্পিক্স সোনাজয়ী নীরজ চোপড়া আজ নামছেন জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জন পর্বে। তিনি রয়েছেন গ্রুপ ‘এ’-তে, যেখানে আছেন জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবারও। তাঁর ইভেন্ট শুরু বিকেল ৩:৪০ মিনিটে।
অন্যদিকে, পাকিস্তানের আর্শাদ নাদিম প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রুপ ‘বি’-তে বিকেল ৫:১৫ মিনিটে। এছাড়া আজ ভারতের প্রবীণ চিত্রাভেল নামবেন ট্রিপল জাম্পে (বিকেল ৩:৩৫), আর অনিমেষ কুজুর নামবেন ২০০ মিটার হিটে (বিকেল ৪:৪৫)। সমস্ত ইভেন্ট সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ও জিয়ো হটস্টারে।
ভারত বনাম অস্ট্রেলিয়া—মহিলাদের লড়াই
মহিলাদের বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ়ে আজ দ্বিতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর আজ হরমনপ্রীত কৌরের ভারত জয়ের জন্য মরিয়া। এই ম্যাচে হারলে সিরিজ় হারবে ভারত। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে।
দিল্লিতে ভারত-আমেরিকা বৈঠক
এদিকে মঙ্গলবার নয়াদিল্লির বাণিজ্য ভবনে মুখোমুখি হন ভারত ও আমেরিকার বাণিজ্য প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন মার্কিন প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের তরফে রাজেশ আগরওয়াল। সম্প্রতি শুল্ক ইস্যুতে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে বৈঠককে ঘিরে কৌতূহল তুঙ্গে। কয়েক দিন আগে ট্রাম্প ও মোদীর মন্তব্যে ইতিবাচক বার্তা মিললেও বাস্তব সমাধান কোন পথে যাবে, সেদিকেই নজর ব্যবসায় মহলের।
আবহাওয়ার পূর্বাভাস
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেওয়া হয়েছে কমলা সতর্কতা।




