কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৮সেপ্টেম্বর :
বাংলার লোকসঙ্গীতের ভান্ডারে এমন অনেক গান আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে দোলা দিয়ে চলেছে। তার মধ্যেই অন্যতম ‘লীলাবালি’। এই ফোক গানটির সুরে যেন মাটির গন্ধ মেশানো এক চিরন্তন আনন্দ লুকিয়ে আছে। বহুবার শোনা সত্ত্বেও, প্রতিবারই নতুন করে প্রাণ জাগায় ‘লীলাবালি’। আর এবার সেই গানই ধরা দিল একেবারে নতুন সাজে।
বুধবার সন্ধ্যায় কলকাতায় এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল ‘লীলাবালি’ মিউজিক ভিডিও। আসন্ন পুজোর আবহে সংগীতপ্রেমীদের কাছে এই ভিডিও হয়ে উঠল বিশেষ চমক। সিক্রেট টেমটেশন এবং সারেগামাপা-র যৌথ উদ্যোগে প্রকাশিত এই নতুন ভিডিওতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান গায়িকা মানসী ঘোষ।
প্রখ্যাত বাউল কবি রাধারমন দত্তের লেখা এই গানটির নতুন অ্যারেঞ্জমেন্ট করেছেন সঙ্গীত পরিচালক ঈশান মিত্র। আধুনিক বাদ্যযন্ত্রের মেলবন্ধনে লোকসুরের স্বাদকে বজায় রেখে তিনি সাজিয়েছেন গানটিকে এক অনন্য আবহে।
শুধু সুর নয়, চোখ ধাঁধানো নৃত্য ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনে গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন তিন টলি সুন্দরী— দর্শনা বণিক, প্রান্তিকা দাস ও ডোনা সাহা। তাদের ঝলমলে পারফরম্যান্সে গানটির ছন্দ যেন আরও বেশি করে উৎসবের আমেজ এনে দিল।
প্রকাশ অনুষ্ঠানে গায়িকা মানসী জানান,
“লীলাবালি এমন এক গান, যা বাংলার প্রত্যেক মানুষের রক্তে মিশে আছে। এত জনপ্রিয় গান নতুন মোড়কে গাইতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি শ্রোতারা আগের মতোই ভালোবাসবেন।”
অভিনেত্রী দর্শনা, প্রান্তিকা ও ডোনাও জানালেন, এই ভিডিওতে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। তিন জনেরই বিশ্বাস, পুজোর মৌসুমে গানটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।
লঞ্চ অনুষ্ঠানে সবার হাতে উন্মোচিত হয় আকর্ষণীয় ‘লীলাবালি’ পোস্টার। একদিকে পোস্টার উন্মোচন, অন্যদিকে গান শোনার আনন্দ—দর্শক-শ্রোতাদের কাছে অনুষ্ঠান হয়ে উঠল এক অনন্য অভিজ্ঞতা।
সব মিলিয়ে, পুজোর আগে ‘লীলাবালি’ আবারও তার যাদুতে মাতাতে চলেছে সংগীতপ্রেমীদের। বাংলা ফোকের এই নতুন পরিবেশনা উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলবে, এমনই আশা গোটা টিমের।




