spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

দুর্গাপুজোর ডিজিটাল সঙ্গী: এক অ্যাপেই মণ্ডপ থেকে জরুরি নম্বর !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২২সেপ্টেম্বর  :

 

লকাতার পুজো মানে আলো, থিম, ঠাকুর আর অবিরাম ভিড়। মহালয়া পেরোতেই শহরের রাস্তাঘাটে জমে ওঠে প্যান্ডেল-হপিংয়ের পরিকল্পনা। সপ্তমী–অষ্টমীতে ঠাকুর দেখা আর ফুচকা-মোমোর ভিড়ে পা ব্যথা করে গেলেও পুজোর উন্মাদনা কমে না। তবে এবার আর পত্রিকায় ম্যাপ কেটে রাখার ঝামেলা নেই, বা পুলিশের ‘পুজো গাইড’ খুঁজে বের করার দরকারও পড়ছে না। হাতের নাগালেই হাজির পুজোর নতুন সহচর—‘Sharadotsav’ মোবাইল অ্যাপ।

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে তৈরি এই অ্যাপ ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। নাম ‘Sharadotsav’। দাবি করা হচ্ছে, এটি হবে পুজো প্রেমীদের জন্য ‘ওয়ান স্টপ সলিউশন’—অর্থাৎ পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় তথ্য ও সুবিধা এক জায়গায়।

অ্যাপটির হোম পেজেই রয়েছে একাধিক অপশন। ‘Gallery’ অংশে ক্লিক করলেই চোখে পড়বে ‘Puja Theme 2025’ সেকশন। শুধু এ বছরের থিমই নয়, গত কয়েক বছরের জনপ্রিয় থিমগুলির সংকলনও রয়েছে। ফলে নতুন দর্শনার্থীর পাশাপাশি গবেষকদের জন্যও এটি তথ্যসমৃদ্ধ ভান্ডার।

একইসাথে ‘Map’, ‘Nearby’ এবং ‘Zone Wise’—এই তিনটি সেকশনই ব্যবহারকারীদের বিশেষ সহায়ক হতে চলেছে। কোন এলাকায় কোন পুজো হচ্ছে, কোন মণ্ডপ আপনার সবচেয়ে কাছে—সব জানা যাবে কয়েক সেকেন্ডে। ফলে বন্ধুবান্ধবকে নিয়ে ‘হপিং রুট’ বানাতে আর বিশেষ কষ্ট হবে না।

পুজোয় নিরাপত্তা আর জরুরি পরিষেবার প্রয়োজনীয়তা নতুন কিছু নয়। ঠাকুর দেখতে গিয়ে কেউ অসুস্থ হলে বা বিপদ ঘটলে দ্রুত যোগাযোগ করাই আসল। অ্যাপের ‘Contact’ অংশে দেওয়া রয়েছে অ্যাম্বুল্যান্স, হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক, মেট্রো রেল, এমনকি ফায়ার স্টেশনের নম্বরও। হাতে স্মার্টফোন থাকলেই তাই সব তথ্য সহজলভ্য।

আরও কী কী পাবেন?

👉 গত কয়েক বছরের পুরস্কারপ্রাপ্ত পুজো মণ্ডপগুলির তালিকা
👉 দুর্গাপুজো কার্নিভালের আপডেট
👉 ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়া কলকাতার পুজো সংক্রান্ত তথ্য
👉 ছবি ও ভিডিও গ্যালারি

দেবীপক্ষ শুরু হয়েছে ইতিমধ্যেই। শহরের বড় বড় পুজো কমিটি যেমন নিজেদের থিম নিয়ে দর্শকদের আকৃষ্ট করার প্রস্তুতি নিচ্ছে, তেমনই সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেল তথ্যের আধুনিক ভাণ্ডার। এখন আর পুজো মণ্ডপের ঠিকানা বা থিম খুঁজতে সময় নষ্ট করতে হবে না।

এক কথায়, দুর্গাপুজোর এই ডিজিটাল সঙ্গী-ই হয়ে উঠতে চলেছে এবারের আসল ভরসা।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks