কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২২সেপ্টেম্বর :
শহরজুড়ে পুজোর আবহ, চারিদিক আলোর ঝলকানি, ঢাকের তালে ভেসে বেড়াচ্ছে মহালয়ার সুর। ঠিক সেই রাতেই নিউটাউনের ইকো পার্কের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রুটিন টহল দিতে গিয়ে বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল ইকো পার্ক থানার কনস্টেবল জ্যোতিষ দেবনাথের। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ আধিকারিক।
রবিবার গভীর রাতে সাইকেলে করে টহল দিচ্ছিলেন জ্যোতিষ দেবনাথ। তাঁর সঙ্গেই ছিলেন আরেক সহকর্মী। ইকো পার্কের ২ নম্বর গেটের সার্ভিস লেনের কাছে আচমকাই পিছন দিক থেকে হুড়মুড়িয়ে এসে ধাক্কা মারে একটি দ্রুতগতির গাড়ি।
-
মুহূর্তে রাস্তায় ছিটকে পড়েন দুই পুলিশ কর্মী।
-
জ্যোতিষ দেবনাথের পা থেকে ছিটকে যায় জুতো, পড়ে থাকে তাঁর ব্যাগ ও অন্যান্য জিনিস।
-
স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা কনস্টেবল জ্যোতিষ দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত অপর আধিকারিকের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরপরই গাড়িটি ছুটে পালায়। এখনো পর্যন্ত সেই গাড়ি ও চালকের কোনো খোঁজ মেলেনি।
-
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
-
আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
-
ঘাতক গাড়ির নম্বর ও পরিচয় জানতে তৎপরতা চালাচ্ছে নিউটাউন থানার আধিকারিকরা।
শহরে দুর্গাপুজোর সময় পুলিশকর্মীরা নিরন্তর কাজ করে চলেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু তার মধ্যেই যদি তাঁরাই বেপরোয়া গতির বলি হন, তবে তা বড় প্রশ্ন তোলে। দুর্ঘটনায় নিহত জ্যোতিষ দেবনাথ দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারালেন।
প্রতি বছর পুজোর মরশুমে শহরজুড়ে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা নতুন নয়। সেফ ড্রাইভ, সেভ লাইভ–এর সচেতনতামূলক প্রচার বারবার স্মরণ করালেও অনেক ক্ষেত্রেই তা কার্যকর হয় না। দুর্ঘটনার সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
মহালয়ার রাতে এই মর্মান্তিক ঘটনা পুজোর উল্লাসের আবহে এক কালো ছায়া ফেলল। শহরের রাস্তায় নিরন্তর টহল দিয়ে যাঁরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, তাঁরাই যদি বেপরোয়া গাড়ির শিকার হন, তবে আমাদের দায়িত্ববোধ কতটা আছে, তা নিয়েই প্রশ্ন উঠছে।




