কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৬ সেপ্টেম্বর :
দুর্গাপুজো মানেই শহর জুড়ে আলো, ভিড়, আনন্দ আর তার সঙ্গে যাতায়াতের বাড়তি চাপ। সেই ভিড় সামলাতে এবার এক অভূতপূর্ব উদ্যোগ নিল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মাত্র ৬ দিনে শহরে ছুটবে ৩০২১টি মেট্রো ট্রেন। গত বছরের তুলনায় এ বার প্রায় ৬৫১টি বেশি ট্রেন নামানো হচ্ছে রাস্তায়। ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
প্রথমবারের মতো এবারের পুজোয় ভিড় সামলাতে চলবে পার্পল ও ইয়েলো লাইন, সেই সঙ্গে গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশও খুলে দেওয়া হচ্ছে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— প্রায় গোটা শহরই ঢেকে ফেলবে মেট্রোর জাল।
মেট্রো কর্তৃপক্ষের হিসাবে, এই ৬ দিনে মেট্রো বহন করবে প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী। গত বছর এই সংখ্যা ছিল ৪১.১৫ লক্ষ। অর্থাৎ প্রায় ১২০ শতাংশ বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছে কলকাতা মেট্রো।
যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে এবারও ভরসা স্মার্ট কার্ড। সম্প্রতি চালু হওয়া নতুন প্রকল্পে ১০ বছরের মেয়াদী স্মার্ট কার্ড মিলছে সাশ্রয়ী দামে। মেট্রো কর্তৃপক্ষের পরামর্শ, সাধারণ টিকিটের লাইনে দাঁড়ানো এড়াতে যাত্রীরা যেন স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট কার্ড ব্যবহার করেন।
এ ছাড়াও, ‘আমার কলকাতা মেট্রো’ মোবাইল অ্যাপ থেকে যাত্রীরা আগাম টিকিট বুক করতে পারবেন। ফলে শেষ মুহূর্তের ভিড় ও ঝক্কি অনেকটাই কমবে।
শহরের প্রবীণ নাগরিকদের মতে, “এত ভিড়ের মধ্যে মেট্রো যদি বেশি ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়, তবে পুজোর আনন্দ আরও সহজ হবে।” তরুণ প্রজন্ম বলছে, “স্মার্ট কার্ডে রিচার্জ করে ভ্রমণ করলে কোনও ঝামেলাই নেই।”
শহরবাসী এবং পুজো উপলক্ষে কলকাতায় আসা পর্যটকদের শুভেচ্ছা জানিয়ে মেট্রো রেলওয়ে জানিয়েছে— “দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি কলকাতার প্রাণ। আমরা চাই, যাতায়াতের সমস্যায় কারও আনন্দ নষ্ট না হোক।”




