কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৬ সেপ্টেম্বর :
“সোনার মহারাষ্ট্র, সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন ?”
দুর্গাপুজোর উৎসবের আবহেই ফের রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহের দেওয়া ‘সোনার বাংলা’ গড়ার ডাক ঘিরে শুক্রবার পাল্টা আক্রমণে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহের দাবি— আগামী নির্বাচনে বাংলায় পালাবদল হবে, নতুন সরকার রাজ্যকে সোনার বাংলায় রূপান্তরিত করবে। কিন্তু বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে কলকাতার বিদ্যাসাগর কলেজে মাল্যদান শেষে অভিষেক পাল্টা প্রশ্ন তোলেন—
“যদি সত্যিই বিজেপির রাজ্যগুলোতে উন্নয়ন হয়ে থাকে, তবে এখনও পর্যন্ত কেন সোনার মহারাষ্ট্র, সোনার উত্তরপ্রদেশ বা সোনার বিহার হয়নি? বিহারে রাস্তাই ভেঙে পড়ছে, গুজরাটে রোজ ব্রিজ ভেঙে যাচ্ছে, মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে। এটাই কি সোনার ভারত?”
অভিষেক এদিন বিজেপিকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা মনে করিয়ে দেন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে অমিত শাহের রোডশো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। অভিষেক বলেন—
“যাঁকে সম্মান জানাতে এসেছি, সেই বিদ্যাসাগরের মূর্তি বিজেপির লোকেরাই ভেঙেছিল। আজ আবার তাঁর নাম করে ভোট চাইছেন।”
শহরে টানা বর্ষণে জল জমার প্রসঙ্গ তুলে বিরোধীরা যেমন রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে, তেমনি অভিষেক সেই সমালোচনারও জবাব দিলেন। তিনি বলেন—
“আমাদের রাজ্যে ৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছে। কিছু অসুবিধা হবেই। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে জল নেমে গেছে। অন্যদিকে কেন্দ্র আমাদের বকেয়া টাকা আটকে রেখেছে, সেই টাকা নিজেদের রাজ্যে খরচ করছে। তাহলে বাংলার মানুষ উন্নতি করবে কীভাবে?”
তাঁর আরও খোঁচা—
“যদি সত্যিই কলকাতা জলমগ্ন থাকত, তবে কি অমিত শাহ এদিক-ওদিক ঘুরে বেড়াতে পারতেন?”
একইসাথে অভিষেক মনে করিয়ে দেন, ২০২১-এর ভোটের আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বারবার ‘সোনার বাংলা’র প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ফের সেই একই স্লোগান বিজেপি শানাচ্ছে। তৃণমূলের বক্তব্য, বাংলার মানুষ আগের মতো এবারও প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না।




