কলকাতা টাইমস নিউজ :নিউজ ডেস্ক :কলকাতা ,২৬ সেপ্টেম্বর :
শুক্রবার নজরে পাঁচ বড় খবর:
পুজো উদ্বোধনে শাহ, বিদ্যাসাগর স্মরণে অভিষেক, হাইকোর্টে পার্থর জামিন, রুশ বৌমার মামলা আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
দেবীপক্ষের চতুর্থী শুক্রবার যেন একসঙ্গে মিলেছে রাজনীতি, সংস্কৃতি, আদালত ও খেলাধুলার খবর। শহর থেকে আদালত, সংসদীয় করিডর থেকে ক্রিকেট মাঠ— একাধিক ঘটনায় দিনভর নজর থাকবে সর্বত্র।
পুজো উদ্বোধনে শহরে অমিত শাহ
দুর্গাপুজোর উদ্বোধনে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তাঁর কর্মসূচিতে রয়েছে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র (EZCC)-এ পুজো উদ্বোধন।
সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। সেখানে মণ্ডপ উদ্বোধনের পর শাহ যাবেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল আয়োজিত EZCC-এর পুজোয়। বিজেপি-র সাংগঠনিক দিক থেকে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে অভিষেকের শ্রদ্ধার্ঘ
এ দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকী। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল শিবিরের বক্তব্য, বাংলার সমাজ সংস্কারের মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে এ দিন ছাত্র-যুবদের উপস্থিতিও থাকবে কলেজ চত্বরে।
হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের রায়
শুক্রবারই কলকাতা হাইকোর্ট ঘোষণা করবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার রায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে এ দিন রায় ঘোষণা হবে। এর আগে সুপ্রিম কোর্টে ইডির মামলায় পার্থ জামিন পেলেও সিবিআইয়ের মামলায় তিনি এখনও বন্দি। ফলে রায় ঘিরে আইন-রাজনৈতিক মহলে প্রবল আগ্রহ।
সুপ্রিম কোর্টে রুশ বৌমার মামলা
হুগলির বসু পরিবারের রুশ বউমা ভিক্টোরিয়া ঝিগালিনা বসু সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শুক্রবার। অভিযোগ, সন্তানকে নিয়ে তিনি রাশিয়ায় পালিয়ে গিয়েছেন। তাঁর স্বামী সৈকত বসু এই নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন।
বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে আজ শুনানি হবে। একইসঙ্গে উপাচার্য নিয়োগ মামলা নিয়েও শুনানি রয়েছে শীর্ষ আদালতে।
এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
খেলাধুলার আঙিনায় শুক্রবারের বড় আকর্ষণ এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটা থেকে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যদিও ভারত ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে, এই ম্যাচ তাই নিয়মরক্ষার হলেও দর্শকদের কাছে উত্তেজনার কমতি নেই।




