কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৮ সেপ্টেম্বর :
ষষ্ঠীর দুপুরে ব্যস্ত ভিআইপি রোডে শ্রীভূমির অদূরে হঠাৎই আগুনে পুড়ল একটি এসি গাড়ি। দুপুর প্রায় ১টা নাগাদ লেকটাউন থেকে বাঙুরমুখী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন দেখতে পান গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে গাড়ি জ্বলতে শুরু করে। দুর্গাপূজোর ভিড়ে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
গাড়িতে তখন তিনজন যাত্রী ছিলেন। তাঁরা ভাড়া করা ওই গাড়িতে করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। গাড়ির এসি চলাকালীন আচমকাই পোড়া গন্ধ পেতে শুরু করেন যাত্রীরা। প্রথমে ভেবেছিলেন বাইরে থেকেই গন্ধ আসছে। কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করতেই তাঁরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে আসেন। এরপর কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িতেই আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী এক তরুণী বলেন,
“আমরা অনেকক্ষণ থেকেই পোড়া গন্ধ পাচ্ছিলাম। কিন্তু বুঝতে পারিনি গাড়ি থেকেই আসছে। হঠাৎই এসি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আমরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নেমে যাই। ভাগ্য ভাল, সবাই অক্ষত রয়েছি।”
আরও এক আরোহীর কথায়,
“কিছুই বুঝে ওঠার আগে গাড়িটা দাউ দাউ করে জ্বলে ওঠে। কয়েক সেকেন্ড দেরি হলে বড় বিপদ ঘটতে পারত।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর পুলিশ গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, শ্রীভূমি এবং ভিআইপি রোডের আশপাশে পুজোর সময় প্রচুর ভিড় হয়। বড় বড় প্যান্ডেল ঘুরতে আসা মানুষদের ভিড়ের মাঝে এমন একটি দুর্ঘটনা যে কোনও সময় বড় বিপর্যয় ডেকে আনতে পারত।
পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, গাড়ির এসি যন্ত্রাংশে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় কিছুক্ষণ যানজট তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার অভিঘাত অনেকক্ষণ ধরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষ ও পূজোপ্রেমীদের মধ্যে।




