কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২৩ অক্টোবর
পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি ভয়ও বাড়াচ্ছে দুর্ঘটনা। দার্জিলিং জেলার পাহাড়ি পথ আবারও কেড়ে নিল চারটি প্রাণ। বুধবার দুপুরে মিরিকের কাছে পানিঘাটার নলদারায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রেক ফেল হওয়ায় একটি যাত্রীবাহী জিপ ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মোট ১২ জন যাত্রী নিয়ে মিরিক থেকে ভারত-নেপাল সীমান্তের কাঁকরভিটার দিকে যাচ্ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথে নলদারার কাছে অপর একটি গাড়িকে রাস্তা দেওয়ার সময় হঠাৎই জিপটির ব্রেক ফেল করে, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচের খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।
ঘটনাস্থলেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে মিরিক থানার পুলিশ ও দমকলের কর্মীরাও সেখানে পৌঁছয়।
মৃতদের মধ্যে দু’জন নেপালের বাসিন্দা, একজনের বাড়ি নকশালবাড়ির জাবরাভিটা, এবং চতুর্থ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের দ্রুত মিরিক, পানিঘাটা ও নকশালবাড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সঞ্জু ছেত্রী, যিনি নিজেও জাবরাভিটার বাসিন্দা, বলেন,
“আমরা শুনেছি চারজন মারা গেছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে আমাদের এলাকার এক জনও রয়েছেন।”
উল্লেখ্য, মাত্র গত সপ্তাহেই দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাঙ্খাবাড়ির কাছে একটি গাড়ি খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছিল। পাহাড়ি অঞ্চলে ক্রমাগত দুর্ঘটনা বাড়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রশাসনেরও।
পর্যটন মরসুমের আগমুহূর্তে এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে পাহাড়ি সড়কের নিরাপত্তা নিয়ে। বহু রাস্তা এখনো পুরনো ও অনিরাপদ, কোথাও কোথাও স্লিপিং জোনে সঠিক ব্যারিকেড বা সতর্কতামূলক সাইনবোর্ড পর্যন্ত নেই।
নলদারা ও মিরিকের স্থানীয় মানুষদের দাবি,
“প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাচল করে। কিন্তু রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গেছে, ব্রেক ফেল হওয়া খুবই সাধারণ ব্যাপার। সরকারকে দ্রুত পাহাড়ি রাস্তাগুলির মেরামতির ব্যবস্থা করতে হবে।”
দার্জিলিং জেলার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে বলেও সূত্রের খবর।




