spot_img
22 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

নরেন্দ্রপুরে ঠান্ডা পানীয় কারখানায় রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২৪ অক্টোবর 


ইএম বাইপাস সংলগ্ন এক নামী ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানায় রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। শুক্রবার সকালে ওই কারখানার শৌচাগার থেকে উদ্ধার হয় এক কর্মীর নিথর দেহ। মৃতের নাম কবীর হোসেন মোল্লা (৩০)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কবীর ওই সংস্থারই স্থায়ী কর্মী ছিলেন। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর শেষবার কবীরের সঙ্গে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের। সেদিনই তিনি নিয়মমতো কাজে যোগ দিয়েছিলেন। হাজিরা খাতায় সইও করেছিলেন, কিন্তু ফেরার সময় খাতায় সই করেননি—এই তথ্যই প্রথমে সন্দেহ জাগায় পরিবারের মনে। পরের দিন থেকে যোগাযোগ না পেয়ে তাঁরা কারখানায় খোঁজ করতে গেলে কর্মীরা জানান, কবীরকে শেষ দেখা গিয়েছিল সেদিন দুপুরে।

এরপর শুক্রবার সকালে, কারখানার কর্মীরা যখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন, তখনই শৌচাগারের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কবীরের দেহ। ঘটনাস্থলেই পুলিশকে খবর দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঘটনার পর থেকেই কারখানার কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মী ও মৃতের পরিবার একযোগে বিক্ষোভে ফেটে পড়ে। তাঁদের দাবি—“এটি স্পষ্টতই খুনের ঘটনা। পরিকল্পিতভাবে কবীরকে খুন করা হয়েছে।” বিক্ষোভের জেরে কারখানার মূল গেটে সকাল থেকে অচলাবস্থা তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি কর্মস্থল সংক্রান্ত বিবাদ বা ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটতে পারে। তবে তদন্তকারীরা কোনও সম্ভাবনাই এখনই উড়িয়ে দিচ্ছেন না।

স্থানীয়দের দাবি, “এমন ঘটনা এই প্রথম নয়। কারখানার ভিতরে সুরক্ষার তেমন ব্যবস্থা নেই। অনেক সময় রাতেও কাজ করতে হয় কর্মীদের।”

এই ঘটনায় প্রশ্ন উঠছে, কীভাবে কারখানার নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এভাবে এক কর্মীর মৃত্যু হল? কেন কয়েক দিন ধরে নিখোঁজ থাকলেও সংস্থা প্রশাসন নীরব ছিল? খুন না দুর্ঘটনা—উত্তর এখন সময়ের অপেক্ষা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks