কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২৪ অক্টোবর
‘তেজপাতা থেকে মোড়ল’
ফের দলের বিরুদ্ধে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, জেলায় তোলপাড় রাজনৈতিক অন্দরে
বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। আর সেই সময়েই ফের বেসুরো সুর তুললেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলার এক সময়ের প্রভাবশালী মুখ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার এক প্রকাশ্য সভা থেকে তিনি তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে হুঁশিয়ারি দিলেন— “আমাকে যদি দল থেকে বের করে দেয়, তাহলে আগামী নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা ১০–এ নেমে আসবে।”
এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড় জেলা রাজনীতিতে। দলের ভিতরে-ও-বাইরে শুরু হয়েছে চর্চা— হুমায়ুনের এ হুঁশিয়ারি নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ, না কি কোনও রাজনৈতিক ইঙ্গিত?
হুমায়ুন কবীরের অভিযোগ, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা এখন ‘মোড়ল’ সেজে বসেছেন। নাম না করে তিনি তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার (ডেভিড), জঙ্গিপুর জেলার সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং নাজমুল মিঞা–সহ একাধিক নেতাকে নিশানা করে বলেন,
“এঁরা ভাবছেন, জেলায় রাজনীতি কেবল ওঁদের হাতেই। আসলে এঁরা তেজপাতা নেতা — গন্ধ আছে, কিন্তু শক্তি নেই!”
ভরতপুরের বিধায়কের দাবি, ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বড় কারণ হলেও, মুর্শিদাবাদের বহু আসনে তৃণমূলের জয়ের পেছনে তাঁর মতো তৃণমূল সৈনিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। “আমি না থাকলে ওই ২০টা আসনও পেত না তৃণমূল,”— এমনই সাফ কথা তাঁর।
হুমায়ুনের তোপের জবাবে বৃহস্পতিবারই প্রতিক্রিয়া দেন অপূর্ব সরকার। তিনি বলেন,
“তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি তাঁকে চ্যালেঞ্জ করছি— ক্ষমতা থাকলে করে দেখান। মানুষই শ্রেষ্ঠ বিচারক, শেষ কথা মানুষই বলবে।”
অপূর্ব আরও খোঁচা দেন, “তিনি তেজপাতার কথা বলেছেন, কিন্তু ভুলে গেলে চলবে না, বাঁশপাতাও আছে — সোজা, ধারালো আর নমনীয়।”
দলের একাংশ মনে করছে, এই বাগযুদ্ধ এখন আর শুধুই বক্তব্যের লড়াই নয়— বরং তা ক্রমে জেলা সংগঠনের ক্ষমতার লড়াইয়ে রূপ নিচ্ছে।
হুমায়ুন কবীরের বক্তব্যে ক্ষোভের সুর ছিল প্রবল। তিনি বলেন,
“আমি তো নিজেই বেরিয়ে যেতে চাইছি। বের করে দিক না, তারপর দেখুক— এই জেলায় রাজনীতি কাকে বলে। যাঁরা মোড়ল সেজেছেন, তাঁরা ক’টা আসন জেতাতে পারেন দেখুন! আমি চাইলে মুর্শিদাবাদের তৃণমূলকে ১০ আসনে নামিয়ে আনতে পারি।”
তাঁর এই বক্তব্যে তৃণমূলের রাজ্যস্তরের নেতৃত্বও নড়েচড়ে বসেছে। সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব হুমায়ুনের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মুর্শিদাবাদ জেলার তৃণমূলেরই একাংশের দাবি, হুমায়ুন কবীর দীর্ঘদিন ধরেই জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। দলীয় বৈঠকেও তাঁকে সক্রিয় দেখা যায় না। অন্যদিকে বিরোধী শিবিরের এক নেতা বলেন, “হুমায়ুনবাবু বরাবরই নিজের প্রভাব খাটিয়ে রাজনীতি করতে পছন্দ করেন। এখন দল তাঁকে পাত্তা না দেওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন।”
তবে রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশের মতে, “হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রাজনীতিতে এখনও প্রভাবশালী মুখ। তাঁর মতো নেতার অসন্তোষ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তৃণমূলের ভিত নড়ে যেতে পারে।”
বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই অন্তর্কলহ তৃণমূলের জন্য শুভ নয়— এমনটাই মত জেলা পর্যবেক্ষকদের। তৃণমূল এখন মুর্শিদাবাদে সাংগঠনিক ঐক্য বজায় রাখতে মরিয়া। কিন্তু হুমায়ুনের মতো বর্ষীয়ান বিধায়কের প্রকাশ্য ক্ষোভ দলের ভাবমূর্তিতেই আঁচ ফেলছে।




