কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা / পাটনা :০৫ নভেম্বর
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনায় ফুটছে বিহার। দীর্ঘ প্রচারপর্ব শেষ করে শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ। মোট ২৪৩ আসনের মধ্যে আজ ভোট হবে ১২১টি কেন্দ্রে। ১,৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
দুই দশক ধরে ক্ষমতায় থাকা নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ আবারও কি সরকার গড়বে, নাকি তেজস্বী যাদবের মহাগঠবন্ধন পরিবর্তনের হাওয়া তুলতে পারবে — তা নিয়েই এখন গোটা দেশের চোখ বিহারের দিকে।
নির্বাচনের আগেই রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৪৪ লক্ষ নাম। বিরোধীদের অভিযোগ, দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রাহুল গান্ধী একে আখ্যা দিয়েছেন “ভোটচুরি” বলে। তাঁর অভিযোগ, “এটা গণতন্ত্রের গলা টিপে হত্যার সমান।”
যদিও নির্বাচন কমিশনের পাল্টা দাবি, “একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া হয়নি।” কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং সব নাম যাচাই করেই তালিকা তৈরি হয়েছে।
এই বিতর্কের মধ্যেই শুরু হচ্ছে ভোট। ফলে উত্তেজনা, আশঙ্কা এবং প্রত্যাশা— তিনটিই এখন মিলেমিশে এক হয়ে গিয়েছে বিহারের রাজনীতিতে।
প্রথম দফাতেই ময়দানে নামছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী।
-
রাঘোপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তেজস্বী যাদব।
-
এনডিএ শিবিরে রয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী ও মঙ্গল পাণ্ডে।
-
জেডিইউর শ্রবণ কুমার ও বিজয় কুমার চৌধুরী-র ভাগ্যও আজ নির্ধারিত হতে চলেছে।
অন্যদিকে, লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব প্রথমবার নিজের দল গড়ে মহুয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
এছাড়া, গায়িকা মৈথিলি ঠাকুরও এবারে নতুন চমক। বিজেপিতে যোগ দিয়ে এনডিএ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আলিনগর থেকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “এই নির্বাচন কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিক প্রভাবও ফেলতে পারে। নতুন মুখদের প্রবেশ ভোটে নতুন গতিবেগ আনবে।”
আজ ১৮টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে — পাটনা, দারভাঙ্গা, মুজাফ্ফরপুর, সাহারসা, সমষ্টিপুর, বৈশালী, নালন্দা, বেগুসরাই, মুঙ্গের, শেখপুরা, ভোজপুর সহ আরও কয়েকটি জেলায়।
সবচেয়ে নজরকাড়া কেন্দ্র মোকামা, যেখানে প্রচারের শেষদিকে রাজনৈতিক সহিংসতায় নিহত হন জন সুরাজ পার্টির সমর্থক দুলার চন্দ যাদব। ঘটনায় জেডিইউ প্রার্থী অনন্ত সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এই কেন্দ্রে আরজেডি প্রার্থী বীণা দেবী, প্রাক্তন বাহুবলী নেতা সুরজভান সিংয়ের স্ত্রী, লড়ছেন মর্যাদার লড়াইয়ে।
প্রথমবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK)। তাঁর দল জন সুরাজ পার্টি প্রার্থী দিয়েছে ২৪৩ আসনেই। এতদিন অন্যদের নির্বাচনী কৌশল বানাতেন, এবার নিজেই মাঠে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, “PK-এর ফলাফল নির্ধারণ করবে বিহারে ‘তৃতীয় বিকল্প’-এর কোনও বাস্তব সম্ভাবনা আছে কি না।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০.৭২ লক্ষ নতুন ভোটার অংশ নিচ্ছেন আজকের ভোটে। এর মধ্যে ১৮-১৯ বছর বয়সি ভোটারই ৭.৭৮ লক্ষ। ফলে যুব ভোটই হতে পারে এই নির্বাচনের ‘গেম চেঞ্জার’।
পাটনার পুলিশ সুপার দীক্ষা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। প্রতিটি জেলায় মোতায়েন রয়েছে কুইক রেসপন্স টিম (QRT) এবং কেন্দ্রীয় বাহিনী (CAPF)। আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম শিথিলতা থাকবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রথম দফার ভোটই নির্ধারণ করবে নির্বাচনের মূল সুর।
যদি তেজস্বীর মহাগঠবন্ধন প্রত্যাশার চেয়ে ভালো করে, তাহলে তা দ্বিতীয় দফার আগে এনডিএ-র ওপর চাপ তৈরি করবে। অন্যদিকে, নীতীশ কুমার ও সম্রাট চৌধুরীর এনডিএ যদি শক্ত অবস্থান ধরে রাখতে পারে, তাহলে বিরোধীদের পক্ষে পাল্টা হাওয়া তোলা কঠিন হয়ে পড়বে।




