spot_img
25 C
Kolkata
Sunday, December 7, 2025
spot_img

বিশ্বজয়ের পর প্রধানমন্ত্রী মোদির বাসভবনে ভারতীয় মহিলা ক্রিকেট দল !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা / নয়াদিল্লি :০৫ নভেম্বর

বিশ্বজয়ের উচ্ছ্বাস এখনও কাটেনি। সেই আনন্দের আবহ নিয়েই বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার পর এটি ছিল তাঁদের প্রথম সরকারি সংবর্ধনা। প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানান এবং দেশের জন্য গর্ব এনে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের মেয়েরা এবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছেন। বুধবার সকালের সেই সাক্ষাৎ যেন হয়ে উঠল আরেকটি স্মরণীয় অধ্যায়।
প্রধানমন্ত্রী মোদি দলের প্রতিটি সদস্যের সঙ্গে সময় কাটান, তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে কথা বলেন। তিনি বলেন,

“আপনারা শুধু ট্রফি জেতেননি, ভারতের কোটি কোটি মেয়ের আত্মবিশ্বাসও জিতেছেন।”

ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর স্মৃতিচারণা করে বলেন, “২০১৭ সালে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম ট্রফি ছাড়াই। এবার হাতে ট্রফি নিয়ে ফিরতে পেরে গর্বিত।”
হাসতে হাসতে যোগ করেন, “আমরা চাই, এরকম অনেকবার দেখা হোক — আর প্রতিবারই যেন ট্রফি সঙ্গে থাকে!”

উপ-অধিনায়ক স্মৃতি মন্ধানা বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ই অনুপ্রেরণার উৎস। তাঁর কথায় নতুন উদ্যম পাই।”
অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন, জানান, “২০১৭ সালে প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন— কঠোর পরিশ্রম করো, একদিন স্বপ্ন পূরণ হবে। আজ সেই স্বপ্নই বাস্তব।”

মোদিও দীপ্তির ইনস্টাগ্রামে ‘জয় শ্রী রাম’ পোস্ট ও তাঁর হাতে থাকা হনুমান ট্যাটুর প্রসঙ্গ তোলেন। হেসে বলেন, “তোমার বিশ্বাসই তোমার শক্তি।”

সাক্ষাৎকার জুড়ে ছিল হাসি ও সাফল্যের গল্প। প্রধানমন্ত্রী স্মরণ করেন হারলিন কৌরের ২০২১ সালের অবিশ্বাস্য ক্যাচ, প্রশংসা করেন অমঞ্জোত কৌরের বিশ্বকাপ ফাইনালের নির্ণায়ক ক্যাচেরও।
হরমনপ্রীতের ম্যাচ বল পকেটে রাখার ঘটনা নিয়েও চলল রসিকতা — যার উত্তরে হরমন বলেন, “ওই বলটা আমার সৌভাগ্যের প্রতীক!”

প্রধানমন্ত্রী বলেন,

“তোমরা শুধু খেলায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা। তোমাদের লড়াই, শৃঙ্খলা, আত্মবিশ্বাস আগামী প্রজন্মের মেয়েদের নতুন পথ দেখাবে।”

এই সাক্ষাৎ যেন কেবল এক সংবর্ধনা নয়, বরং এক প্রতীক — ভারতের নারীদের ক্রমবর্ধমান শক্তির।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks