কলকাতা টাইমস নিউজ : নিউজ ডেস্ক : কলকাতা :১৩ জানুয়ারি ২০২৬
অফিস টাইমের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়লেন কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। মঙ্গলবার সাতসকালে Kolkata Metro Railway-র ব্লু লাইনে আচমকা বিদ্যুৎ সংযোগে বিভ্রাট দেখা দেয়। এর জেরে সকাল প্রায় ৭টা নাগাদ পরিষেবা ব্যাহত হয়। সুড়ঙ্গের ভিতরে ট্রেন দাঁড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় দু’ঘণ্টা পরে সকাল পৌনে ৯টা নাগাদ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝের সুড়ঙ্গে হঠাৎই একটি ট্রেন থেমে যায়। আলো-ফ্যান বন্ধ হয়ে যাওয়ায় এবং ট্রেন নড়াচড়া না করায় যাত্রীদের মধ্যে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায়।
এরপর মেট্রো কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। নিরাপত্তা বিধি মেনে সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে যাত্রীদের নেতাজি ভবন স্টেশনে বের করে আনা হয়। কোনও যাত্রী আহত হননি বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
মেট্রো রেল সূত্রে আরও জানা গিয়েছে—
-
সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত প্রায় ৪৫ মিনিট পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল
-
পরে ভাঙা পথে ট্রেন চলাচল শুরু হয়
-
ময়দান → দক্ষিণেশ্বর
-
মহানায়ক উত্তমকুমার → শহিদ ক্ষুদিরাম
-
এই কারণে সকালবেলার ব্যস্ত সময়ে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের বড় অংশকেই বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার সাপ্লাইয়ে ত্রুটি থাকাতেই এই সমস্যা দেখা দেয়। ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ শুরু করেন। ত্রুটি চিহ্নিত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতেই ধাপে ধাপে পরিষেবা চালু করা হয়।
বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ রুটে স্বাভাবিকভাবেই মেট্রো চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অফিস টাইমে এমন ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু নিত্যযাত্রী। তাঁদের বক্তব্য, প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক সমস্যার কারণে মেট্রো থমকে যায়। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালানো হয়েছে।




